১৭ বছর পর অক্ষয়-সাইফের কামব্যাক ফ্লপ? ১৩০ কোটির ‘হাইওয়ান’ মুক্তির দিনেই মুখ থুবড়ে পড়ল

পর্দায় অক্ষয় কুমার ও সাইফ আলী খানের জুটি মানেই একসময় দর্শকদের মনে বাড়তি উন্মাদনা তৈরি হতো। ১৭ বছর আগে ‘তাসান’ সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। দেড় যুগ পর প্রিয়দর্শনের পরিচালনায় ‘হাইওয়ান’ সিনেমার মাধ্যমে এই দুই তারকা আবার পর্দায় ফেরায় সিনেপ্রেমীদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। তবে দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেলেও প্রথম দিনে বক্স অফিসে সেই কাঙ্ক্ষিত উত্তাপ ছড়াতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই সিনেমা।

স্যাকনিল্কের বক্স অফিস রিপোর্টের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে মাত্র ৩ কোটি রুপি, যার গ্রস কালেকশন ৩.৬০ কোটি রুপি। বিশ্বজুড়ে প্রথম দিনের সমস্ত আয় মিলিয়ে অঙ্কটা মোটে ৪.৬০ কোটি টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। এনডিটিভির প্রতিবেদন জানাচ্ছে, প্রেক্ষাগৃহে ৭,২২৪টি শো থাকা সত্ত্বেও প্রথম দিনে সার্বিক দর্শক উপস্থিতি ছিল মাত্র ১১ শতাংশের কাছাকাছি। প্রায় ১৩০ কোটি টাকা বিশাল বাজেটের এই ছবির এমন ঢিমেতাল সূচনাকে অত্যন্ত হতাশাজনক বলেই মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা। ২০০৭ সালে মুক্তি পাওয়া অক্ষয়ের ‘ভুল ভুলাইয়া’ (৩.৮৮ কোটি) কিংবা সাইফের ‘তা রা রাম পাম’ (৩.৬৬ কোটি)-এর উদ্বোধনী আয়ের সঙ্গে তুলনা করলেও এই নতুন ছবি পিছিয়ে রয়েছে।

তবে ‘হাইওয়ান’-এর এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে প্রেক্ষাগৃহে আগে থেকেই দাপিয়ে বেড়ানো অন্য দুটি সিনেমা। বক্স অফিস বিশেষজ্ঞদের দাবি, মুক্তির ৩৬ দিন পেরিয়েও ‘হনুমান অংশ’ দুর্দান্ত ব্যবসা করে চলেছে। পাশাপাশি, দ্বিতীয় সপ্তাহে পা রাখা ‘মির্জাপুর দ্য মুভি’-ও দর্শক টানছে সমানে। এই দুই ছবির দাপটেই অক্ষয়-সাইফদের সিনেমাটি প্রথম দিনে দর্শক টানতে ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *