ম্যাচের ঠিক আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! নেটে মারাত্মক চোট পেয়ে ছিটকে যাওয়ার মুখে তারকা ব্যাটার?

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। দুর্দান্ত ফর্মে থাকা তারকা ব্যাটার ঈশান কিষাণকে ঘিরে যখন সমর্থকরা বড় জয়ের স্বপ্ন দেখছেন, ঠিক তখনই ভারতীয় শিবিরে দেখা দিল বড় রকমের উদ্বেগের মেঘ। সদ্য সমাপ্ত দলীপ ট্রফির ফাইনালে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরি এবং চোখধাঁধানো অর্ধশতরান হাঁকিয়ে জাতীয় দলে ফেরা ঈশান প্রাক-ম্যাচ অনুশীলনেই বড়সড় চোটের কবলে পড়েছেন।

শুক্রবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় দল যখন ঘাম ঝরাচ্ছিল, তখনই ঘটে বিপত্তি। নেটে পেসার নভদীপ সাইনির বিরুদ্ধে ব্যাট করছিলেন ঈশান কিষাণ। সেই সময় সাইনির একটি ভয়ংকর শর্ট লেংথের বল সজোরে তাঁর বুক ও চোয়ালের মাঝের অংশে তেড়ে আসে। বলটি বাঁচাতে বা ডাক করতে গিয়েই পিঠে মারাত্মক টান (Back Spren) লাগে বাঁ-হাতি এই ব্যাটারের। যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে আসেন দলের ফিজিও কমলেশ জৈন। বেশ কিছুক্ষণ হাঁটু মুড়ে মাঠে বসে থাকার পর কোনও রকমে নেট ছেড়ে বাইরে যান ঈশান।

এই ঘটনার পর আর নেটে ব্যাট করতে ফেরেননি তিনি। পিঠ চেপে ধরে তাঁকে সাইডলাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদিও চোট পাওয়ার আগে স্পিনারদের বিরুদ্ধে অসাধারণ ছন্দে ব্যাট করছিলেন ঈশান এবং একের পর এক বড় শট হাঁকাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তের এই চোট দলের অন্দরে বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ শুরুর আগে ফিজিওর তত্ত্বাবধানে ঈশান ব্যথা থেকে সম্পূর্ণ সেরে উঠতে সময় পান কি না এবং তিনি প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন কি না, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *