AAY, SPHH, PHH, RKSY 1 ও RKSY 2-কোন কার্ডে মিলবে কত কেজি ফ্রি চাল-গম, জানুন সম্পূর্ণ হিসাব

রেশন কার্ড বর্তমানে দেশের অন্যতম অত্যন্ত জরুরি একটি সরকারি নথি। এই কার্ড সঙ্গে থাকলে সরকার নির্ধারিত নিয়মে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে চাল ও গম পাওয়া যায়। তবে সমস্ত গ্রাহক এক ধরনের সুবিধা পান না, কারণ রেশন কার্ডের বিভিন্ন ক্যাটেগরি বা শ্রেণি রয়েছে। কার্ডের ধরন অনুযায়ী বরাদ্দ ও সুবিধার পরিমাণেও তারতম্য ঘটে। মূলত AAY, SPHH, PHH, RKSY 1 এবং RKSY 2—এই পাঁচ প্রধান ক্যাটেগরিতে কার্ডগুলি বিভক্ত। কোন কার্ডে ঠিক কী ধরনের সুবিধা রয়েছে এবং কোনটিতে কত পরিমাণ খাদ্যসামগ্রী পাওয়া যায়, তা এক নজরে দেখে নেওয়া যাক।
১. AAY বা অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড
সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও দরিদ্রতম মানুষদের জন্য এই কার্ড বরাদ্দ করা হয়। সমস্ত ক্যাটেগরির মধ্যে এতেই সবচেয়ে বেশি সুবিধা মিল থাকে। এই কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রতি মাসে ২১ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারে। এর পাশাপাশি ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম দেওয়া হয়। এছাড়া এই বিশেষ কার্ডের আওতায় অত্যন্ত কম দামে অর্থাৎ প্রতি কেজি মাত্র ১৩ টাকা দরে চিনিও পাওয়া যায়।
২. SPHH বা স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড
অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির দ্বিতীয় ধাপের উপভোক্তাদের এই কার্ড দেওয়া হয়। এই কার্ড থাকলে প্রতি মাসে প্রতি সদস্য পিছু ৩ কেজি করে চাল বিনামূল্যে পাওয়া যায়। সেই সঙ্গে ২ কেজি করে গম তোলার সুযোগ পান উপভোক্তারা। পাশাপাশি, রেশন দোকানের অন্যান্য নির্ধারিত সামগ্রীও তুলনামূলক কম দামে সংগ্রহ করা সম্ভব হয়।
৩. PHH বা প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড
যাঁদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল নয়, মূলত তাঁদের জন্যই এই প্রায়োরিটি কার্ডটি তৈরি করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে একজন ব্যক্তি প্রতি মাসে ৩ কেজি চাল বিনামূল্যে পান। এর সঙ্গে ১ কেজি ৯০০ গ্রাম আটা বরাদ্দ থাকে। তবে কেউ যদি আটার পরিবর্তে গম নিতে চান, সে ক্ষেত্রে ২ কেজি গম দেওয়া হয়ে থাকে।
৪. RKSY I বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ রেশন কার্ড
এই ক্যাটেগরির কার্ড রাজ্যের বহু মানুষের কাছেই রয়েছে। আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল নন এমন ব্যক্তিরাই এই সুরক্ষা যোজনার আওতায় আসেন। এই কার্ড থাকলে একজন ব্যক্তি প্রতি মাসে ২ কেজি করে বিনামূল্যে চাল পেতে পারেন। চালের পরিবর্তে বা অতিরিক্ত হিসেবে চাইলে ৩ কেজি গম কিংবা ২ কেজি ৮৫০ গ্রাম আটাও বেছে নিতে পারেন উপভোক্তা।
৫. RKSY II বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ রেশন কার্ড
রাজ্যের একটি বড় অংশের সাধারণ মানুষের কাছে এই কার্ডটি দেখা যায়। যাঁরা খুব একটা অভাবী নন কিন্তু অর্থনৈতিকভাবে অত্যন্ত সচ্ছলও নন, তাঁরাই এই ক্যাটেগরির আওতাভুক্ত। এই কার্ড থাকলে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ১ কেজি করে চাল এবং ১ কেজি করে গম বিনামূল্যে সরবরাহ করা হয়।