দু’টো বিয়ে করে এবার প্রেম? সৃজলার সঙ্গে নাম জড়ানোয় কি বললেন গায়ক দুর্নিবার

শুরু থেকেই বাংলা বিগ বস হাউসের অন্যতম চর্চিত মুখ জনপ্রিয় সংগীতশিল্পী দুর্নিবার সাহা। ঠান্ডা মাথার এই প্রতিযোগীকে অনেকে লম্বা রেসের ঘোড়া মনে করলেও, হাউসের অধিকাংশ সদস্য বর্তমানে তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিশেষ করে সৃজলা গুহর সঙ্গে তাঁর বন্ধুত্বের রসায়ন নিয়ে ঘরের অন্দরে নানা গুঞ্জন তৈরি হয়েছে। বিবাহিত দুর্নিবার এবং সৃজলার এই অতিরিক্ত ঘনিষ্ঠতা কি আদপে প্রেমের সম্পর্ক, তা নিয়ে দর্শকদের মনেও প্রশ্ন দানা বেঁধেছিল।

গত সপ্তাহে শোয়ের মঞ্চে সৃজলা প্রকাশ্যেই জানিয়েছিলেন যে, দুর্নিবারই এই হাউসে তাঁর সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কিচেন থেকে ডাইনিং—সব জায়গাতেই তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। সৃজলার অনুরোধে দুর্নিবারের গান গাওয়া এবং গেমের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনার দৃশ্য দর্শকদের নজর কেড়েছে। তবে ঘরের অন্য প্রতিযোগীদের ধারণা, এই দু’জন মিলে বোধহয় প্রেমের কোনো অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছেন।

ইতিমধ্যেই বিষয়টির কান পর্যন্ত পৌঁছায় নিরঞ্জন ওরফে লাফটারসেনের মাধ্যমে। সুইমিং পুলের ধারে নিরঞ্জন যখন তাঁকে জানান যে বাকিরা তাঁদের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করছে, তখন চরম ক্ষোভপ্রকাশ করেন গায়ক। কড়া ভাষায় তিনি বলেন, ‘ভাই, এরা কি সব আসার সময় বড়বাজারে মাথাগুলো বেচে দিয়ে এসেছে!’ অর্থাৎ সৃজলার সঙ্গে প্রেমের সমস্ত জল্পনা জোরগলায় উড়িয়ে দিয়েছেন তিনি।

এদিকে ব্যক্তিগত জীবনে প্রসেনজিতের প্রাক্তন সহকারী মোহরের সঙ্গে বিবাহিত এবং এক সন্তানের বাবা দুর্নিবার বর্তমানে এই সপ্তাহে ডেঞ্জার জোনে রয়েছেন। হাউসের একাধিক সদস্য তাঁকে নমিনেট করলেও, ঠান্ডা মাথায় মাইন্ড গেম খেলে তিনি ট্রফি জিতবেন বলেই আশাবাদী তাঁর অনুরাগীরা। এখন উইকেন্ডের এপিসোডে এলিমিনেশনের খাড়া থেকে তিনি রক্ষা পান কি না, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *