জিভে জল আনা নাগপুরি মাটন সাওজির সহজ রেসিপি! একবার এইভাবে বানালে প্রেমে পড়বেন সবাই

বাঙালির রবিবারের দুপুর হোক কিংবা বিশেষ কোনো ছুটির দিন— পাতে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে খাসির মাংসের দেখা মিললে যেন মন ভালো হয়ে যায়। তবে একঘেয়ে আলুকোশার ঝোল আর নয়, এবার স্বাদ বদলাতে ট্রাই করুন নাগপুরের বিখ্যাত মাটন সাওজি কারি (Mutton Saoji Curry)। ঝাল-ঝাল এই পদটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে জাস্ট জমে যায়। বাড়িতেই খুব সহজে কীভাবে বানাবেন এই রেসিপি, জেনে নিন তার সহজ পদ্ধতি।
মাটনের সাওজি কারির প্রয়োজনীয় উপকরণ:
এই বিশেষ কারি তৈরির জন্য প্রয়োজন একাধিক মশলার নিখুঁত মিশ্রণ। দেখে নিন কী কী লাগবে:
মূল উপকরণ: খাসির মাংস (মাটন)
সাওজি মশলার উপকরণ: শুকনো লঙ্কা (৪টি), কাশ্মীরি শুকনো লঙ্কা (৫টি), শাহ জিরে (১ টেবিল চামচ), মৌরি (১ টেবিল চামচ), ধনে গুঁড়ো (৪ টেবিল চামচ), পোস্ত (দেড় চা চামচ), তেজপাতা (২টি), দারচিনি (২ টুকরো), জায়ফল (১টি), স্টার অ্যানিস (১টি), বড় এলাচ (৩টি), ছোট এলাচ (৪টি), লবঙ্গ (১০-১২টি), ভাজা ছোলার ডাল (১ টেবিল চামচ), চাল (১ টেবিল চামচ) এবং কোরানো নারকেল (১ কাপ)।
রান্নার অন্যান্য উপকরণ: পেঁয়াজ কুচি (৫টি), আদা-রসুন বাটা (আড়াই টেবিল চামচ), লঙ্কার গুঁড়ো (১ টেবিল চামচ), হলুদ গুঁড়ো (আধ চা চামচ), পরিমাণমতো নুন ও তেল।
সাওজি মাটন কারির রান্নার প্রণালী:
১. স্পেশ্যাল সাওজি মশলা তৈরি:
প্রথমে কড়াইতে সাওজি মশলার সমস্ত শুকনো উপকরণ (শুকনো লঙ্কা, শাহ জিরে, ধনে গুঁড়ো, তেজপাতা, দারচিনি, জায়ফল, স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, মৌরি, পোস্ত, ভাজা ছোলার ডাল, চাল ও কোরানো নারকেল) একসঙ্গে শুকনো খোলায় ভালো করে ভেজে নামিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালী করে ভেজে ‘বেরেস্তা’ তৈরি করে নিন। এবার ভাজা মশলা এবং বেরেস্তা একসঙ্গে মিক্সিতে বেটে নিলেই তৈরি হয়ে যাবে আসল ‘সাওজি মশলা’।
২. মাংস রান্না ও কষানো:
এবার প্রেশার কুকারে পরিমাণমতো তেল গরম করে মাটনের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর তাতে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষাতে থাকুন। মাংস থেকে জল বেরিয়ে তা শুকিয়ে এলে তৈরি করে রাখা সেই স্পেশ্যাল সাওজি মশলা এর মধ্যে মিশিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো গরম জল ঢেলে দিন। ঝোল ফুটতে শুরু করলে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ৪টি সিটি দিয়ে নামিয়ে নিন। ব্যস, একেবারে তৈরি সুস্বাদু ও ঝাল ঝাল মাটন সাওজি কারি!