বিশ্ব অর্থনীতিতে চালিকাশক্তি আসলে কারা? জি-৭ গোষ্ঠীকে প্রকাশ্যে উপহাস করে বিরাট মন্তব্য পুতিনের!

ব্রিকস বিজনেস ফোরামের এক বিশেষ অধিবেশনে উন্নত বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-কে তীব্র আক্রমণ ও উপহাস করলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বিশ্ব অর্থনীতিতে ব্রিকস দেশগুলোর ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরে তিনি সরাসরি প্রশ্ন তোলেন জি-৭ এর কার্যকারিতা নিয়ে। পুতিন স্পষ্ট ভাষায় বলেন, “আমরা ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করি, আর জি-৭ দেশগুলো আমাদের চেয়েও অনেক কম। আমি জানি না কেন তারা এখনও নিজেদের জি-৭ বলে দাবি করে।” কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত এই প্রভাবশালী জোটের অর্থনৈতিক অবস্থান নিয়ে তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

ভাষণে পুতিন আরও জানান যে, বিশ্ব আজ এক বিরাট রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিশ্ব অর্থনীতির নতুন নতুন চালিকাশক্তি হিসেবে ব্রিকস দেশগুলোর ভূমিকা দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। বর্তমান বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার প্রতিনিধিত্ব করছে এই জোট, এবং বিশ্ব প্রবৃদ্ধির বেশিরভাগ অংশই আসছে ব্রিকসভুক্ত দেশগুলো থেকে। পরিবর্তন যে অবধারিত এবং একে যে কোনোভাবেই থামানো সম্ভব নয়, সেকথাও মনে করিয়ে দেন রুশ প্রেসিডেন্ট।

মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নীতি এবং নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে পুতিন বলেন, যেসব দেশ বর্তমানে অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করছে, তারাই মূলত বড় ধরনের শিল্প ঘাটতি এবং অর্থনৈতিক মন্দার সম্মুখীন হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও রাশিয়া এবং তার অংশীদার দেশগুলো নিজেদের পারস্পরিক বাণিজ্য এবং অংশীদারিত্বের পরিধি আরও প্রসারিত করে চলেছে। কারো বিরুদ্ধে কোনো বৈরিতা নয়, বরং নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করাই যে তাঁদের মূল লক্ষ্য, ব্রিকস মঞ্চ থেকে সেই বার্তাটাই স্পষ্ট করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *