কৌন বনেগা ক্রোড়পতি ১৮: সেতার দেখে আজও দীর্ঘশ্বাস ফেলেন অমিতাভ বচ্চন! ফাঁস করলেন তাঁর জীবনের গোপন অধ্যায়!

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ দর্শকদের নজর কাড়ছে নিয়মিত। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি এই শোয়ের সঞ্চালক তথা শতাব্দীর মহাতারকা অমিতাভ বচ্চনও প্রায়শই তাঁর ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প শেয়ার করে দর্শকদের মন জয় করে নেন। শো চলাকালীন প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে এবার নিজের জীবনের এমন এক গোপন অধ্যায় তুলে ধরলেন বিগ বি, যা শুনে রীতিমতো অবাক হয়েছেন অনুরাগীরা। ৮৪ বছর বয়সে এসেও মনের কোণে জমে থাকা এক গভীর আফসোসের কথা প্রকাশ করেছেন তিনি।
ঘটনাটি ঘটে যখন শোয়ের এক প্রতিযোগী ও কনটেন্ট ক্রিয়েটর কৃতজ্ঞা নায়ার অমিতাভ বচ্চনকে ‘দিস অর দ্যাট’ নামের একটি মজাদার খেলা খেলার অনুরোধ জানান। সেই খেলায় কথোপকথনের এক পর্যায়ে বিগ বি জানান, তাঁর জীবনে এত ঘটনা ও অভিজ্ঞতা ঘটেছে যে কোনো একটি বিশেষ দিনকে পুনরায় যাপন করা কঠিন। তবে এর পরেই তিনি তাঁর সবচেয়ে বড় অপূর্ণ শকের কথা শেয়ার করেন। অমিতাভ জানান, তিনি সর্বদা গান বা বাজনা শিখতে চেয়েছিলেন, কিন্তু ব্যস্ততার মাঝে তা আর হয়ে ওঠেনি।
তিনি আরও জানান, কারও হাতে সেতার বা অন্য কোনো বাদ্যযন্ত্র দেখলে কিংবা সুন্দর গান শুনলে তাঁর আজও মনে হয়, ইশ! যদি তিনিও ঠিকমতো সঙ্গীত চর্চা করতে পারতেন। মজার ছলে বিগ বি প্রকাশ করেন যে, তাঁর বাড়িতে গান বা বাজনা শেখার মতো বহু বাদ্যযন্ত্র থাকলেও সেগুলিতে কেবল ফুলের মালাই ঝুলিয়ে রাখা হয়েছে। জীবনের সায়াহ্নে এসেও এই শখ অধরা থেকে যাওয়ায় আজও তাঁর মনে গভীর আক্ষেপ রয়ে গিয়েছে। উল্লেখ্য, সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯টায় সম্প্রচারিত হয় এই জনপ্রিয় গেম শো।