এক সপ্তাহে ৪৪ বিলিয়নেরও বেশি বৃদ্ধি! ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই মেগা ডাটা দেখে চমকে উঠবেন

ভারতীয় অর্থনীতির জন্য এক বিরাট সুখবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক লাফে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে গিয়ে ঠেকেছে ৭৮৫.৭১ বিলিয়ন ডলারে। এক সপ্তাহের ব্যবধানে দেশের ফরেক্স রিজার্ভ এক ধাক্কায় ৪৪.৯০ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে, যা দেশীয় অর্থনীতিকে এক নতুন শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে।

এর আগে গত ২৮ আগস্টে শেষ হওয়া সপ্তাহেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১.৪৭ বিলিয়ন ডলার বেড়ে ৭৪০.৮০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। টানা দ্বিতীয় সপ্তাহের এই রেকর্ড পরিমাণ বৃদ্ধি দেশের শক্তিশালী অর্থনৈতিক পরিস্থিতিরই ইঙ্গিত দেয়। রিজার্ভের এই বিশাল অর্জনের মূল চালিকাশক্তি হলো বৈদেশিক মুদ্রা সম্পদ বা FCA। এই সপ্তাহে একলাফে ৪৭.৪৯৮ বিলিয়ন ডলার বেড়ে এফসিএ একাই পৌঁছে গেছে ৬৪৮.১৭ বিলিয়ন ডলারে। যার ফলে চলতি বছরের মার্চ মাসের শেষের তুলনায় এফসিএ-তে প্রায় ৯৫.৮৮৬ বিলিয়ন ডলারের অভাবনীয় বৃদ্ধি নথিবদ্ধ হয়েছে।

তবে মুদ্রার অন্য পিঠের মতো এই উন্নতির মাঝে সামান্য কিছু ক্ষেত্রে পতনও লক্ষ্য করা গেছে। চলতি সপ্তাহে দেশের স্বর্ণ রিজার্ভ বা গোল্ড রিজার্ভ প্রায় ২.৫৯৪ বিলিয়ন ডলার কমে নেমে এসেছে ১১৩.৮১৬ বিলিয়ন ডলারে। পাশাপাশি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর কাছে থাকা ভারতের স্পেশাল ড্রয়িং রাইটস (SDR)-এও সামান্য ৪ মিলিয়ন ডলারের পতন দেখা গেছে, যা কমে দাঁড়াল ১৮.৮০৬ বিলিয়ন ডলারে। তা সত্ত্বেও সামগ্রিক অর্থনৈতিক পারফরম্যান্সের বিচারে মার্চ ২০২৬-এর শেষ থেকে এ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৯৪.৫৮৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *