আইটি পার্কের আড়ালে বিশাল প্রতারণা চক্র! শিলিগুড়িতে মধ্যরাতে পুলিশ কমিশনারেটের মেগা হানায় ধৃত ৪

সরকারি আইটি পার্কের মতো হাই-টেক পরিকাঠামোকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল এক বিশাল সাইবার প্রতারণা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে মাটিগাড়া ও লিচুবাগানের ওয়েবেল আইটি পার্ক-সহ একাধিক আস্তানায় একযোগে হানা দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ডিসিপি (ইস্ট) চারু শর্মা এবং এসিপি (ইস্ট) রবিন থাপার নেতৃত্বে ২০০ জনের বিশাল পুলিশ বাহিনী এই ঝটিকা অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাহক সহায়তার কেন্দ্রের নাম ভাঙিয়ে এই ভুয়ো কলসেন্টারগুলি থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে বড় অঙ্কের আর্থিক প্রতারণা এবং বেআইনি লেনদেন চালানো হচ্ছিল। টানা তল্লাশি চালিয়ে দুটি অবৈধ কল সেন্টারের সন্ধান মিলেছে এবং দুই মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রচুর কম্পিউটার, গ্যাজেট ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, অভিযান চলাকালীন আইটি পার্কে বেশ কয়েকবার লোডশেডিং হয়। ফলে সেই অন্ধকারের সুযোগ নিয়ে চক্রের অন্য কেউ পালিয়ে যেতে পেরেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সরকারি পরিকাঠামোকে কাজে লাগিয়ে কীভাবে এই চক্র শিকড় গেড়েছিল এবং এর নেপথ্যে কোন বড় মাথা যুক্ত রয়েছে, তা জানতে ধৃতদের জেরা করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *