দার্জিলিঙে ফের ধসে বিপর্যস্ত যোগাযোগ! দুধিয়ায় ভেঙে পড়ল হিউম পাইপ ব্রিজ

একটানা অতিবৃষ্টির জেরে পাহাড়ে ফের বড়সড় ধস এবং বিপর্যয়। দার্জিলিঙের দুধিয়ায় হিউম পাইপ ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোর চারটে নাগাদ এই সেতু ভেঙে পড়ে, যার জেরে মিরিকের সঙ্গে শিলিগুড়ির সরাসরি যোগাযোগ ব্যবস্থা আবারও বিঘ্নিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই এই সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই সময় পরিস্থিতি সামাল দিতে সেনা ও পূর্ত দফতর (PWD) যৌথভাবে একটি বেইলি ব্রিজ নির্মাণ করে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বেইলি ব্রিজটির উদ্বোধনও করেছিলেন। কিন্তু ওই সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল সম্ভব না হওয়ায় বিকল্প হিসেবে ফের একটি হিউম পাইপ ব্রিজ তৈরি করা হয়েছিল। আজ সকালে সেই হিউম পাইপ ব্রিজটিই জলের তোড়ে বা অতিবৃষ্টির কারণে ভেঙে পড়ে।

সেতু ভেঙে পড়ার ফলে বর্তমানে ওই রুটে সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এর জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যтকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল করতে তৎপর হয়েছে জেলা প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় ব্রিজ মেরামতের কাজ শুরু করার চেষ্টা চলছে বলে খবর।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *