ইন্টারনেট নেই? বেসমেন্ট বা মেট্রোতেও গুগল পে-ফোনপে ছাড়াই পেমেন্ট হবে এক লহমায়!

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। মুম্বাইতে অনুষ্ঠিত গ্লোবাল ফিনটেক ফেস্টে যৌথভাবে চালু করা হয়েছে ‘UPI Tap & Pay’ এবং ‘MyUPI’ নামক দুটি নতুন পরিষেবা। এর ফলে দুর্বল ইন্টারনেট কানেকশন বা অ্যাপ খোলার ঝক্কি ছাড়াই এবার আরও সহজে আর্থিক লেনদেন করা সম্ভব হবে।

নতুন ‘UPI Tap & Pay’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো কিউআর কোড স্ক্যান করা বা গুগল পে, ফোন পে কিংবা পেটিএম-এর মতো অ্যাপ খোলার ঝামেলা ছাড়াই সরাসরি টাকা পাঠাতে পারবেন। এটি অনেকটা ডেবিট বা ক্রেডিট কার্ডের কন্ট্যাক্টলেস পেমেন্টের মতো কাজ করে। আপনার স্মার্টফোনে এনএফসি (NFC) প্রযুক্তি সক্রিয় থাকতে হবে। ফোন আনলক করে ব্যবসায়ীর পয়েন্ট অফ সেল (POS) মেশিন বা স্মার্টট্যাগের কাছে ধরলেই লেনদেন সম্পন্ন হয়ে যাবে।

বিশেষ করে বেসমেন্ট, মেট্রো স্টেশন বা পাহারি এলাকার মতো দুর্বল ইন্টারনেটের স্থানে এই ফিচার অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে, কারণ এক্ষেত্রে লেনদেনটি পিওএস মেশিনের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সম্পন্ন হয়। পাশাপাশি, এনপিসিআই জানিয়েছে যে এই ব্যবস্থার মাধ্যমে ৫০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনো ইউপিআই পিন দেওয়ারও প্রয়োজন পড়বে না।

অন্যদিকে, পেমেন্ট ব্যবস্থাকে আরও স্মার্ট ও নিরাপদ করতে আনা হয়েছে ‘MyUPI’ নামক একটি এআই-চালিত (AI) প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটিমাত্র প্ল্যাটফর্ম থেকে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই অ্যাপ পরিচালনা করতে পারবেন। একইসঙ্গে এতে যুক্ত করা হয়েছে একটি বিশেষ ‘সেফটি সুইচ’। অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বা কোনো ধরনের প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকলে, গ্রাহকরা এক ক্লিকেই এই সুইচ সক্রিয় করে সমস্ত ইউপিআই ডেবিট তাৎক্ষণিকভাবে ব্লক করে দিতে পারবেন।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *