উৎসবের মুখে বড় ঘোষণা রেলের! যাত্রীদের স্বস্তি দিয়ে বাড়ল একাধিক স্পেশ্যাল ট্রেনের মেয়াদ

আসন্ন উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে এবং ভিড় নিয়ন্ত্রণ করতে বড় সিদ্ধান্ত নিল রেলওয়ে। টিকিটের বিপুল চাহিদা এবং সিট পাওয়ার ভোগান্তি দূর করতে দু’জোড়া স্পেশ্যাল ট্রেনের চলাচলের সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।
রেল সূত্রে খবর, ০৪০০৮/০৪০০৭ (আনন্দ বিহার টার্মিনাল-যোগবানী-আনন্দ বিহার টার্মিনাল) ফেস্টিভ্যাল স্পেশ্যাল এক্সপ্রেস এবং ০৮০৪৭/০৮০৪৮ (সাঁতরাগাছি জং-নাহরলগুন-সাঁতরাগাছি জং) স্পেশ্যাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
কোন রুটে কতগুলি ট্রিপ বাড়ল?
আগামী ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আনন্দ বিহার টার্মিনাল-যোগবানী ফেস্টিভ্যাল স্পেশ্যাল এক্সপ্রেস ট্রেনের (০৪০০৮) পরিষেবা ৫টি ট্রিপের জন্য বাড়ানো হয়েছে। ৩০ টি কোচ বিশিষ্ট এই ট্রেনটি গাজিয়াবাদ, মোরাদাবাদ, বেরেলি, শাহজাহানপুর, গোন্ডা, গোরখপুর জং, ছাপরা, হাজিপুর, বারাউনি, বেগুসরাই, খাগরিয়া, নওগাছিয়া, কাটিহার, পূর্ণিয়া জং এবং ফোর্বসগঞ্জ সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।
অন্যদিকে, সাঁতরাগাছি জংশন-নাহরলগুন স্পেশ্যাল ট্রেনটির (০৮০৪৭) ট্রিপ আরও ৩টি বাড়ানো হয়েছে। এর পাশাপাশি ফিরতি পথে নাহরলগুন-সাঁতরাগাছি জং স্পেশ্যাল ট্রেনটি (০৮০৪৮) ১২, ১৯ এবং ২৬ তারিখে আরও ৩টি অতিরিক্ত ট্রিপ দেবে।
রেল কর্তৃপক্ষের আশা, এই স্পেশ্যাল ট্রেনগুলির সময়সীমা বাড়ায় উৎসবের মরশুমে যাত্রীরা বাড়তি সংযোগ ও যাতায়াতের সুবিধা পাবেন। এর ফলে বহু মানুষ ঘরমুখী যাত্রায় বড় ধরনের স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।