‘পিছন থেকেই ছুরি মারছে দুর্নিবার!’ বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন অ্যালেক্স, ফাঁস করলেন বিস্ফোরক তথ্য!

বিগ বস বাংলা মানেই টাটকা ড্রামা, সাসপেন্স আর মুহূর্তের মধ্যে বদলে যাওয়া নতুন সব সমীকরণ। ক্যামেরার সামনে কে কার আপন আর কে পিছন ঘুরলেই ছুরি মারতে প্রস্তুত, তা আন্দাজ করা দর্শকদের পক্ষেও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবার এই রিয়েলিটি শোয়ের অন্দরে তৈরি হল এক অভাবনীয় পরিস্থিতি। সোহিনী, অ্যালেক্স এবং দুর্নিবার—এই তিন প্রতিযোগীর তীব্র দ্বন্দ্বে এখন সরগরম বিগ বসের গোটা বাড়ি। একদিকে উড়ে আসছে ‘নাগিন’ কটাক্ষ, তো অন্যদিকে পালটা জুটছে ‘মিথ্যেবাদী’ তকমা!

পুরো গোলমালের সূত্রপাত হয় সোহিনী এবং অ্যালেক্সের একটি গোপন কথোপকথনকে কেন্দ্র করে। সোহিনী স্পষ্টই অ্যালেক্সকে জানিয়ে দেন যে, তিনি দুর্নিবার ও সৃজলাকে কোনওভাবেই বিশ্বাস করতে পারছেন না। এই কথা শোনার পরই আগুনে ঘি পড়ে। অ্যালেক্স সুযোগ বুঝে ফাঁস করে দেন আগের রাতের একটি বিস্ফোরক তথ্য। তিনি জানান, দুর্নিবার তাঁকে সতর্ক করে বলেছিলেন যে, তনুশ্রীকে যেন কোনওভাবেই রান্নার দায়িত্ব দেওয়া না হয় এবং সোহিনীকে ভাইস ক্যাপ্টেন বানাতেও সাফ বারণ করা হয়েছিল। শুধু তাই নয়, অ্যালেক্সকে একাই পুরো বাড়ির দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন দুর্নিবার।

তবে এখানেই থামেনি ঝামেলা। অ্যালেক্স এরপর আরও এক বড় বোমা ফাটান। তাঁর দাবি, দুর্নিবার তাঁকে জানিয়েছিলেন যে ঝিলম নাকি আচমকা পালটি খেয়ে নন্দিনীকে ভোট দিয়ে বসবে! আর এই মারাত্মক অভিযোগ তুলেই দুর্নিবারকে সোজা ‘নাগিন’ বলে কটাক্ষ করেন অ্যালেক্স। স্বভাবতই এই কথা শুনে চুপ থাকেননি দুর্নিবার। নিজের আত্মপক্ষ সমর্থনে তিনি জানান, তিনি কেবল পরিস্থিতি বদলানোর কথা বলেছিলেন, আর অ্যালেক্স নিজেই ঝিলমের প্রসঙ্গ টেনে এনেছেন। দুর্নিবারের স্পষ্ট অভিযোগ, তাঁর কথার ভুল ব্যাখ্যা করে ঘরে জলঘোলা করছেন অ্যালেক্স।

অন্যদিকে, নিজের দাবিতে একেবারে অনড় থেকে অ্যালেক্স পালটা জানান যে দুর্নিবার তাঁর কান ভাঙানোর চেষ্টা করছেন। তর্কের জেরে মেজাজ হারিয়ে দুর্নিবার সবার সামনে অ্যালেক্সকে ‘মিথ্যেবাদী’ বলে আক্রমণ করেন। এই কাদা ছোঁড়াছুঁড়ির মাঝে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, অ্যালেক্সকে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তাঁর আক্ষেপ, এই ভুল বোঝাবুঝির কারণে ঝিলমের সঙ্গে তাঁর সুন্দর বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে। রাগে ফুঁসতে থাকা দুর্নিবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি আর কখনও অ্যালেক্সের সঙ্গে কথা বলবেন না। আগামী দিনে এই ত্রিমুখী সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *