মায়ের শেষকৃত্যে যোগ দিতে দীর্ঘ বন্দিদশা থেকে সাময়িক মুক্তি! মাত্র ৫ ঘণ্টার প্যারোলে জেল থেকে বের হলেন চিন্ময় কৃষ্ণ দাস।

মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মাত্র পাঁচ ঘণ্টার সাময়িক মুক্তির (প্যারোল) অনুমতি পেলেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভু। বৃহস্পতিবার ভোরে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে প্রয়াত হন তাঁর মা সন্ধ্যা রানী ধর। মায়ের প্রয়াণের খবর পাওয়ার পরই পরিবারের পক্ষ থেকে তাঁর সাময়িক মুক্তির আবেদন করা হয়েছিল।

প্রশাসনের নির্দেশ ও মুক্তির শর্ত

পরিবারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জেলা প্রশাসক মহম্মদ জাহিদুল ইসলাম মিয়া আইন অনুযায়ী চিন্ময় কৃষ্ণ দাসকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আদেশ দেন। ইসকনের প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সহ-সভাপতি স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীও এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তাঁকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে, এই পাঁচ ঘণ্টার মধ্যেই হাটহাজারীতে গিয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়ে তাঁকে আবার ফিরে আসতে হবে।

আইনি লড়াই ও পটভূমি

উল্লেখ্য, জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলাসহ মোট ছয়টি ফৌজদারি মামলায় ২০২৪ সালের নভেম্বর মাসে গ্রেফতার করা হয়েছিল হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। এর মধ্যে কয়েকটি মামলা থেকে জামিন পেলেও রাষ্ট্রদ্রোহ ও আইনজীবীকে হত্যার মতো গুরুতর বিচারাধীন মামলা থাকায় তিনি এতদিন বন্দি ছিলেন। হাসিনাসরকারের পতনের পর বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হওয়া এই নেতার সাময়িক মুক্তি ঘিরে এই মুহূর্তে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *