‘হাতাহাতি থেকে রক্তপাত!’ শিক্ষক দিবসের ভোজে কী এমন ঘটল যে প্রধান শিক্ষককে মারধর করল ছাত্ররা?

শিক্ষক দিবসের বিশেষ আনন্দ উৎসব নিমেষেই পরিণত হলো এক ভয়ংকর রণক্ষেত্রে। জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করার অভিযোগ উঠল একদল ছাত্রের বিরুদ্ধে। এই সংঘর্ষে প্রধান শিক্ষকের মাথা ফেটে রক্তপাত হয় এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনার জেরে গোটা স্কুল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার দুপুরের এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, স্কুলের মধ্যেই প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে ধাওয়া করে একদল ছাত্র। পিছন থেকে সজোরে ধাক্কা মেরে তাঁকে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে পুলিশ।
ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ছাত্রদের একাংশের অভিযোগ, শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ভোজসভায় খাবার বিতরণকে কেন্দ্র করে এই গোলমালের সূত্রপাত। তাদের দাবি, খাবার নেওয়ার সময় হঠাৎই প্রধান শিক্ষক তাঁদের ওপর চড়াও হন এবং মারধর শুরু করেন। এমনকি প্রধান শিক্ষকের মারধরে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে বলেও দাবি করেছে তারা।
অন্যদিকে, শিক্ষকদের একটি অংশের দাবি, শৃঙ্খলাভঙ্গ ও হট্টগোল থামাতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছাত্রদের মারধরে প্রধান শিক্ষকের মাথা ফেটে যাওয়ার পাশাপাশি স্কুলেও বেশ কিছুক্ষণ ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই আকস্মিক ঘটনায় স্কুলের ভাবমূর্তি এবং পঠনপাঠনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষক মহল।