বডি ফ্রেম তৈরি শেষ, স্কুইজ টেস্টের পরই ধামাকা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কবে উদ্বোধন দেশের প্রথম বুলেট ট্রেনের?

দেশের মাটিতে তৈরি প্রথম বুলেট ট্রেনের বডি ফ্রেমের নির্মাণ কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। বরোদার একটি অনুষ্ঠানে এই বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের মে বা জুন মাসের মধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাই-স্পিড ট্রেনটি পরীক্ষামূলকভাবে ট্র্যাকে নামানো হবে। ভারতের দ্রুতগতির রেল যোগাযোগের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বরোদায় আয়োজিত ‘নমো ফর বিকশিত ভারত’ শীর্ষক এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন রেলমন্ত্রী। এদিনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ এবং একাধিক নতুন পরিকাঠামো প্রকল্প।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের বডি ফ্রেম তৈরির কাজ শেষ হওয়ার পর বর্তমানে এটিকে কঠিন ‘স্কুইজ টেস্ট’-এর জন্য পাঠানো হয়েছে। আগামী বছরের মে বা জুনের মধ্যে ভারতের নিজস্ব বুলেট ট্রেন পরীক্ষামূলকভাবে ট্র্যাকে গড়ায়ার পর, প্রায় চার মাস ধরে বিভিন্ন পর্যায়ে কঠোর ট্রায়াল চালানো হবে। সমস্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রেলমন্ত্রী আরও জানান, এই হাই-স্পিড ট্রেন চালু হলে বরোদা থেকে মুম্বই যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমে যাবে এবং যাত্রীরা মাত্র দেড় ঘণ্টার মধ্যেই এই দুই শহরের মধ্যে যাতায়াত করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *