মোদির অনুষ্ঠান মঞ্চে বড়সড় নিরাপত্তা বিপত্তি! পিএমও-র নকল কার্ড ও বন্দুকসহ মুম্বইয়ে ধৃত দুই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাই-প্রোফাইল অনুষ্ঠান শুরুর ঠিক আগে বড়সড় নিরাপত্তা ত্রুটি এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এল। মুম্বইয়ে প্রধানমন্ত্রীর কর্মসূচি চলাকালীন বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের (BKC) নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) চত্বর থেকে অস্ত্র-সহ দু’জনকে পাকড়াও করেছে নিরাপত্তা রক্ষীরা। এই অনুষ্ঠানস্থলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’ (GFF)-এর উদ্বোধন করার কথা ছিল।
সূত্রের খবর, আটক হওয়া দুই ব্যক্তির মধ্যে একজন নিজেকে সরাসরি প্রধানমন্ত্রীর দফতর (PMO)-এর উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন। ধৃত ২৪ বছর বয়সি যুবকের নাম রোহন পারেখ। নিরাপত্তারক্ষীরা তাঁর পরিচয়পত্র যাচাই করতে গিয়ে দেখতে পান সেটি সম্পূর্ণ জাল। শুধু তাই নয়, ওই ব্যক্তির সঙ্গে থাকা তাঁর এক ব্যক্তিগত দেহরক্ষীর কাছ থেকেও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং গোটা বিষয়ের গভীরে যেতে তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
উল্লেখ্য, ২০২৬ সালের গ্লোবাল ফিনটেক ফেস্টের (GFF) সপ্তম সংস্করণটি ৮ থেকে ১১ সেপ্টেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হচ্ছে। ২০২০ সাল থেকে গ্লোবাল ফিনটেক ফেস্ট আন্তর্জাতিক আর্থিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতিনির্ধারণী মঞ্চ হিসেবে পরিচিত। এ বছরের সামিটের মূল থিম হলো— “Potential to Impact: Agentic AI, Tokenisation, Quantum – Trusted, Connected, Global Systems for Inclusive Finance”। ডিজিটাল পেমেন্ট এবং ফিনটেক সেক্টরে ভারতের বৈশ্বিক নেতৃত্ব এবং উদীয়মান প্রযুক্তি যেমন এজেন্টিক এআই ও কোয়ান্টাম টেকনোলজির বাস্তব প্রয়োগ নিয়ে এই সম্মেলনে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এই বড় আয়োজনের প্রাক্কালে নিরাপত্তা সংক্রান্ত এমন ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।