পেট্রোল ঢেলে সিপিএম অফিস পোড়ানোর চেষ্টা! জলপাইগুড়িতে ছাত্র সংঘর্ষের জেরে তুলকালাম

জলপাইগুড়ি শহরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। সিপিএমের দলীয় অফিসে হামলা চালিয়ে পেট্রোল ঢেলে তা পুড়িয়ে দেওয়ার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘণ্টাখানেক ধরে চলা এই তাণ্ডব ও ইটবৃষ্টির জেরে এলাকায় ব্যাপক ত্রাস সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি ঘটনাস্থলে পৌঁছলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিপিএম ও বিজেপির পালটা অভিযোগ

ঘটনার তীব্র নিন্দা করে সিপিএম নেতা পীযূষ মিশ্র দাবি করেছেন, “সারা দেশে যে ধরনের ঘটনা ঘটছে, আজ জলপাইগুড়িতেও ঠিক সেটাই ঘটানো হলো। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং ঢিল ছুড়ে কাচ ভাঙা হয়েছে।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ দাবি করেছেন, “আমাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা বারবার প্রশাসনকে বলছিলাম আমাদের পার্টি অফিসের সামনে যাতে কোনো অশান্তি না-হয়। কিন্তু এসএফআই (SFI)-এর কর্মীরা এবিভিপি (ABVP)-র দুই ছাত্রকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। যারা দোষী, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। রাজনৈতিকভাবে আমাদের কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, যা আমরা হতে দেব না।”

এদিকে এবিভিপির জলপাইগুড়ির নগর সভাপতি বিনায়ক দাস জানিয়েছেন, তাঁদের কার্যকর্তাদের এসএফআই কর্মীরা বেধড়ক মারধর করেছে এবং আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দুপক্ষই পুলিশের দ্বারস্থ হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *