বাতিল কার্নিভাল, মহালয়ায় ইডেনে আলোর রোশনাই; পুজো নিয়ে একগুচ্ছ তাক লাগানো ঘোষণা

বন্ধ হলো কার্নিভাল, মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে আকাশজুড়ে ড্রোন ও আতসবাজির মেগা শোয়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিলনমেলা প্রাঙ্গণ থেকে সোমবার দুর্গাপুজো নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত জানিয়েছে রাজ্য সরকার।

এবছর দুর্গাপুজোর পর চিরাচরিত কার্নিভাল হচ্ছে না। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, গত কয়েক বছর ধরে পুজোর পরে কার্নিভালের নামে যে চাপিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছিল, এবার তা বন্ধ করা হচ্ছে। ক্লাবগুলোও এই সিদ্ধান্তে খুশি বলে দাবি তাঁর। কার্নিভাল বাতিল হলেও পুজোকে বিশ্বদরবারে পৌঁছে দিতে কোনো কমতি রাখছে না প্রশাসন।

মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে চার ঘণ্টার একটি বর্ণাঢ্য সূচনার আয়োজন করা হয়েছে। পর্যটন এবং তথ্য-সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে আকাশপথে হাজার হাজার ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে মায়ের আগমন। প্রযুক্তির এই বিশাল আয়োজনের পাশাপাশি শহরের বুকে হবে বিরাট রোড শো। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হবে। দিঘাতেও মহালয়ার পরে একটি বিশেষ পর্যটন উৎসবের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া রাজ্যের ছয়টি শহরে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চারটি ঘাটে বিশেষ সাজসজ্জার বন্দোবস্ত থাকছে।

পুজো ঘিরে একাধিক নতুন নির্দেশিকা ও উপহারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, মহালয়ার আগে পুজো উদ্বোধন করা যাবে না এবং গোটা পুজো পরিক্রমায় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। পুজো উদ্যোক্তাদের হয়রানি এড়াতেও কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অতীতে অনুমতি নিয়ে যে জটিলতা তৈরি হতো, তা যাতে এবার না হয় এবং কাউকে যেন হাইকোর্টের দ্বারস্থ না হতে হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

সেরা পুজো নির্বাচন স্বচ্ছ করতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। শ্রেষ্ঠ প্রতিমা, মণ্ডপ, পরিবেশবান্ধব পুজো এবং ভিড় ব্যবস্থাপনার মতো একাধিক বিভাগে দেওয়া হবে ‘শারদ সম্মান’। বিচারক হিসেবে এমন ব্যক্তিদের রাখা হবে যাঁরা পুজোর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহাল। প্রযুক্তি এবং ঐতিহ্যের এই মেলবন্ধনে বাংলার দুর্গাপুজোকে আরও একবার বিশ্বের শ্রেষ্ঠ উৎসব হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *