সর্ষে-ঝালের একঘেয়েমি কাটাতে আজই বানান পোস্ত ইলিশ! রইল সহজ রেসিপি

বর্ষার মরশুম হোক কিংবা অন্য কোনো বিশেষ দিন—বাঙালির হেঁশেলে ইলিশের স্বাদই সম্পূর্ণ আলাদা। তাজা ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল হোক, বেগুন-বড়ি দিয়ে পাতলা ঝাল কিংবা পাতুরি—সব পদই মুখে লেগে থাকে। তবে কখনো কি পোস্ত বাটা দিয়ে সুস্বাদু ইলিশের ঝোল খেয়ে দেখেছেন? ইলিশ এবং পোস্ত—বাঙালির এই দুই অত্যন্ত প্রিয় উপাদানের মেলবন্ধন রান্নার স্বাদকে একলাফে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। রান্না করা যেমন সহজ, তেমনই ঝটপট তৈরিও হয়ে যায়।

পোস্ত ইলিশের প্রয়োজনীয় উপকরণ:

ইলিশ মাছ: ৪ টুকরো

পোস্ত বাটা: ২ টেবিল চামচ

কাঁচালঙ্কা: ৪-৫টি

কালো জিরে: সামান্য

হলুদ গুঁড়ো: পরিমাণমতো

সর্ষের তেল, নুন ও জল: প্রয়োজনীয় পরিমাণে

সহজ প্রণালী:
প্রথমে ইলিশ মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর সামান্য নুন ও হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে মাছগুলি ৫ থেকে ১০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন।

এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে এবং চেরা কাঁচালঙ্কা ফোরন দিন। ফোরন থেকে সুন্দর গন্ধ বের হলে ওর মধ্যেই দিয়ে দিন বেটে রাখা পোস্ত, হলুদ গুঁড়ো এবং স্বাদমতো নুন। মশলাটি হালকা নেড়েচেড়ে নিয়ে তাতে পরিমাণমতো জল দিয়ে দিন।

ঝোল ফুটতে শুরু করলে আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলি ঝোলের মধ্যে ছেড়ে দিন। এবার কড়াই ঢাকা দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না হতে দিন। মাছ সেদ্ধ হয়ে গেলে এবং ঝোল বেশ মাখা মাখা হয়ে এলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ও চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একদম প্রস্তুত সুস্বাদু পোস্ত ইলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *