৫২ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে বসছেন মালাইকা? নতুন চর্চায় তোলপাড় বলিউড!

বলিউডের অন্যতম আলোচিত ও চর্চিত জুটি ছিলেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও কেন হঠাৎ তা ভেঙে গেল, তা নিয়ে অনুরাগীদের মনে কৌতূহলের অন্ত নেই। অবশেষে এই বহুল আলোচিত বিচ্ছেদের নেপথ্যের কারণ এবং মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন বিশিষ্ট সাংবাদিক বিক্কি লালওয়ানি।

কেন ভাঙল অর্জুন-মালাইকার সম্পর্ক?

‘হিন্দি রাশ’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সাংবাদিক বিক্কি লালওয়ানি দাবি করেছেন, মালাইকা ও অর্জুনের বিচ্ছেদের গুঞ্জন তাঁদের সরকারি বিচ্ছেদের ৮-১০ মাস আগেই শুরু হয়ে গিয়েছিল। তাঁদের সম্পর্কের মূল কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ‘বিয়ে’। মালাইকা যেখানে জীবনকে এগিয়ে নিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন, অন্যদিকে অর্জুন কাপুর তখন বিয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। এই মতপার্থক্য ও দূরত্বের কারণেই শেষ পর্যন্ত তাঁদের দীর্ঘ সম্পর্কের ইতি ঘটে। যদিও বিক্কির মতে, বিচ্ছেদ হলেও অর্জুনের মনে এখনও মালাইকার জন্য বিশেষ অনুভূতি রয়েছে।

১৯ বছরের ছোট হিরে ব্যবসায়ীর সঙ্গে নাম জুড়ল!

অর্জুনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর থেকেই মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। বর্তমানে ৩৩ বছর বয়সি বিশিষ্ট হিরে ব্যবসায়ী তথা স্যাঙ্কস ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হর্ষ মেহতার সঙ্গে মালাইকার নাম জড়িয়ে জোর চর্চা চলছে। বিভিন্ন জায়গায় দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পরই এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, ৫২ বছর বয়সি মালাইকার চেয়ে হর্ষ প্রায় ১৯ বছরের ছোট। যদিও এই নতুন সম্পর্ক বা গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত মালাইকা বা হর্ষ— কেউ-ই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, তবে বলিপাড়ায় এই জল্পনা এখন হট টপিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *