‘মন থেকে ভীষণ ভালো, তবে কেউ চালনা করছেন!’ সুনীতার বিস্ফোরক মন্তব্যের পরই মুখ খুললেন স্বামী গোবিন্দ

তাঁর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ, তিনি নাকি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন! এমনকি তাঁর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন স্ত্রী সুনীতা আহুজা, যদিও পরবর্তীকালে সেই মামলা তুলে নেন তিনি। বারে বারে ক্যামেরার সামনে তারকা-পত্নীর এমন মন্তব্যে শোরগোল পড়েছে নেটপাড়ায়। আর এবার নিজের ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খোদ বলিউড তারকা গোবিন্দ।
কী বললেন গোবিন্দ?
সদ্য জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্জয় দত্ত-সহ বলিউডের একাধিক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন গোবিন্দ। শুটিংয়ের ফাঁকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। যদিও সরাসরি সুনীতার নাম নেননি, তবে ব্যক্তিগত সম্পর্কের সমস্যা ও নানা জল্পনা নিয়ে গোবিন্দ বলেন, “একে অপরের খেয়াল রাখতে হবে। কথা বলার সময়ে এটা মাথায় রাখতে হবে যে, সবকিছু খেলা নয়। আমরা ভারতের সংস্কৃতিকে আমাদের সঙ্গে বয়ে নিয়ে চলি।” সেইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, “হাওয়ায় হাওয়ায় ভিত্তিহীনভাবে অনেক কথাই বলা হয়েছে।”
সুনীতাকে নিয়ে গোবিন্দর আগের মন্তব্য
এর আগে বহুবার গোবিন্দ দাবি করেছেন যে, স্ত্রী সুনীতা মন থেকে ভীষণ ভালো, তবে তাঁকে কেউ বাইরে থেকে ‘চালনা’ করছেন। গোবিন্দের মতে, কারও কথায় এভাবে কোনো ভুল সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। সুনীতা খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। সেই কারণেই তিনি বৈবাহিক সম্পর্ক নিয়ে এতটা খোলাখুলি মন্তব্য করেন এবং সর্বসমক্ষে এমন কিছু কথা বলে ফেলেন যা না বললেই ভালো হতো। তবে শত বিবাদের গুঞ্জন সত্ত্বেও সুনীতা বারেবারেই স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি গোবিন্দের সঙ্গে আইনি সম্পর্কেই থাকতে চান এবং তাঁকে ছাড়তে নারাজ।