কাদায় ঢাকা সংসার, ধ্বংসস্তূপের মাঝে ঝুলে জীবন! নেপালের বিপর্যয় কাটিয়ে ওঠার এই ছবি দেখলে চোখ কপালে উঠবে

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষত এখনও তাজা নেপালের বুকে। হড়পা বান এবং ভূমিধসের জেরে তছনছ হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। নদীর তীরে কাদামাটিতে কোথাও পড়ে রয়েছে একজোড়া জুতো, কোথাও বা একটি গিটার কিংবা স্যুটকেস। ঘরবাড়ি ধুয়ে-মুছে সাফ হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের মাঝে এখন কেবলই কান্নার রোল। নদীর তীর থেকে ৫০-৬০ মিটারের মধ্যে থাকা বসতিগুলোর আজ এই বেহাল দশা।
সবচেয়ে মর্মান্তিক চিত্র ধরা পড়েছে দেবীঘাটে। সেখানকার দুই পাড়কে সংযোগকারী একমাত্র ব্রিজটি হড়পা বানে ভেসে যাওয়ায় যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। চরম সংকটের মুহূর্তে যোগাযোগ সচল রাখতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা এক অভিনব ও বিপজ্জনক পথ বেছে নিয়েছেন। নদীর ওপর প্রায় ২৫০ মিটার দীর্ঘ একটি জিপলাইনের সাহায্যে বর্তমানে চলছে পারাপার। জীবনের ঝুঁকি নিয়ে এই জিপলাইনেই মানুষ পারাপার করছেন এবং জরুরি ওষুধ, খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এপার থেকে ওপারে পাঠানো হচ্ছে।
এদিকে বিপদ এখনও কাটেনি। নেপালের দারচুলা জেলায় বিশাল ভূমিধসের কারণে চৌলানি (চামেলিয়া) নদী আংশিকভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে নদীর নিম্ন অববাহিকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে নিরাপত্তাকর্মী। সব মিলিয়ে প্রকৃতির তান্ডবে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন নেপালের সাধারণ মানুষ।