‘স্বপ্ন সত্যি হল!’ চন্দ্রবিন্দুর সঙ্গে একই মঞ্চে মেগা পারফরম্যান্স বাংলাদেশের মেঘদলের, নস্টালজিয়ায় ভাসল শহর

সুরের কোনো সীমানা বা বেড়াজাল থাকে না, তা আরও একবার প্রমাণ করল শহর কলকাতা। শনিবার সন্ধ্যায় জিডি বিড়লা সভাঘরে আয়োজিত হলো এক অভিনব কনসার্ট। এপার বাংলা এবং ওপার বাংলার সুরের জাদুতে একসঙ্গে মিশে গেল দর্শকদের মন। কলকাতার বুকে এক মঞ্চে পারফর্ম করল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ এবং কলকাতার ‘চন্দ্রবিন্দু’।

আকাশে যেমন মেঘেরা ভেসে আসে, ঠিক তেমনই মেঘদল আক্ষরিক অর্থেই সুরের বর্ষণ ঘটাল। আর তারপরেই চাঁদেরা সবাই মিলে মঞ্চ মাতিয়ে তুলল। চন্দ্রবিন্দুর গানে মুখরিত হয়ে উঠল গোটা সভাঘর। ‘এসো আমার শহরে’, ‘বনবিবি’, ‘মন’, ‘গীতগোবিন্দ’ সহ একাধিক আইকনিক গানে মজেছিল তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সের শ্রোতারা। শেষে দুটি ব্যান্ড একসঙ্গে ‘বন্ধু চল’ গেয়ে উঠতেই দর্শকদের উন্মাদনা চরমে ওঠে।

এই ঐতিহাসিক কোল্যাব পারফরম্যান্স প্রসঙ্গে চন্দ্রবিন্দুর লিড সিঙ্গার অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, “এটা একটা পরম্পরা। আকাশ এবং মেঘের যেমন কোনো সীমানা নেই, মিউজিকও ঠিক তেমনই। আমরা চেয়েছিলাম এই সুন্দর সন্ধ্যা সবার কাছে তুলে ধরতে।” অন্যদিকে, মেঘদলের লিড সিঙ্গার শিবু কুমার শীল জানান, “রাজনীতি ও অস্থিরতা যখন চারিদিকে ঘৃণার চাষ করছে, তখন একমাত্র গানই পারে সুস্থতা ফিরিয়ে আনতে। দুই বাংলার এই মিলন যুগ যুগ ধরে চলে আসছে।” সবমিলিয়ে, সঙ্গীতের অসামান্য আদানপ্রদানে এক দুর্দান্ত মিউজিক্যাল সন্ধ্যার সাক্ষী থাকল ‘সিটি অফ জয়’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *