জলের তলায় তলিয়ে যাবে শহর?—বাংলা জুড়ে আবহাওয়ার ভয়ঙ্কর পূর্বাভাস!

ছুটির দিনেও কাটছে না দুর্যোগের মেঘ। গতকাল শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝেঁপে বৃষ্টি নামার পর, আজও রবিবারে সেই একই রকম প্রতিকূল আবহাওয়া বজায় থাকার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ একাধিক জেলায় আজ ফের দাপট দেখাতে পারে বৃষ্টি। কোন কোন জেলায় জারি রয়েছে সতর্কতা আর কেমন থাকবে কলকাতার আবহাওয়া, একনজরে দেখে নেওয়া যাক।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। শহরের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
এর আগে শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে, যার জেরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতাও ছিল যথেষ্ট বেশি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার কিছু অংশে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার মেজাজ বেশ কড়া। এখানকার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের এক-দুটি এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া সব জেলাতেই ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।