কলেজ শিক্ষকদের বদলিতে বড় ধাক্কা ম্যানুয়াল পদ্ধতির! এবার এক ক্লিকেই অনলাইনে হবে ট্রান্সফার, শিক্ষক দিবসে বড় ঘোষণা!

রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় এক বিরাট ডিজিটাল রূপান্তর ঘটল। শিক্ষক দিবসের বিশেষ দিনে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের বদলি প্রক্রিয়াকে সম্পূর্ণ কাগজবিহীন ও ডিজিটাল করতে উচ্চশিক্ষা দফতরের ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টালে চালু করা হলো নতুন ‘ট্রান্সফার ম্যানেজমেন্ট মডিউল’। এতদিন ধরে চলে আসা ম্যানুয়াল বা কাগজে-কলমে বদলির আবেদন প্রক্রিয়া থেকে সরে এসে রাজ্য সরকার পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় জোর দিল।
নতুন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ও সুবিধা
নতুন এই পোর্টালের মাধ্যমে এখন থেকে অনলাইনেই বদলির আবেদন জমা দেওয়া যাবে। এর ফলে একাধিক সুবিধা পাবেন শিক্ষকরা:
-
রিয়েল-টাইম ট্র্যাকিং: আবেদন কোন পর্যায়ে রয়েছে (Application Status), তার রিয়েল-টাইম আপডেট ও ট্র্যাকিংয়ের সুব্যবস্থা থাকছে।
-
ডিজিটাল রেকর্ড: বদলির আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য ও নথির ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকবে, যার ফলে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে।
-
মিউচুয়াল ট্রান্সফার: সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকারা বিশেষ পরিস্থিতিতে অনলাইনে পারস্পরিক বা ‘মিউচুয়াল ট্রান্সফার’-এর সুবিধা পাবেন।
আপাতত সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে এই পোর্টালের মাধ্যমে শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করা যাবে। তবে সংশ্লিষ্ট আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধনের পর সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষকদের জন্য অন্যান্য বদলির সুবিধাও চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সরকারের মূল লক্ষ্য— ডিজিটাল গভর্ন্যান্সের মাধ্যমে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং দ্রুত আবেদন নিষ্পত্তি করা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বিশেষ পদক্ষেপের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মেধাবী পড়ুয়াদের জন্য ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’
শিক্ষক দিবসের এই বিশেষ দিনে কলেজ শিক্ষকদের পাশাপাশি রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। চালু হয়েছে ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম’। যার মাধ্যমে দেশ ও বিদেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে।
কিউএস ওভারঅল র্যাঙ্কিং (QS Overall Rankings) অনুযায়ী বিশ্বের প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া পড়ুয়াদের অনুমোদিত টিউশন ফি-র ১০০ শতাংশ পর্যন্ত বহন করবে রাজ্য। এমনকি বিদেশে পড়াশোনার ক্ষেত্রে এই স্কলারশিপের আওতায় স্বাস্থ্য বীমার খরচও দেওয়া হবে। পাশাপাশি দেশের প্রথম সারির জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া পড়ুয়ারাও শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট মানদণ্ড ও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন।