যাদবপুরে ভুয়ো ঠিকানায় রকেট গতিতে চলছে সাইবার কারবার! সিম কার্ড জালিয়াতিতে গ্রেফতার ৩।

শহর কলকাতায় সাইবার অপরাধের এক অভিনব এবং চাঞ্চল্যকর চক্রের সন্ধান পেল পুলিশ। ভুয়ো ঠিকানা ব্যবহার করে মোবাইল নেটওয়ার্কিং সংস্থার সেলিং কাউন্টার বা পিওএস (POS) খুলে একাধিক সিম কার্ড সংগ্রহ এবং তা সরাসরি সাইবার অপরাধীদের হাতে তুলে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের যাদবপুর থানার তদন্তকারী আধিকারিকরা।
কীভাবে ফাঁস হল জালিয়াতি?
জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল বা NCRP-তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫টি সাইবার প্রতারণার অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগগুলির সূত্র ধরেই তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার সেল ও যাদবপুর থানা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যাদবপুর-রিজেন্ট এস্টেট এলাকার ৭/৭১ বাঘাযতীন কলোনির ঠিকানায় ‘মা ভ্যারাইটিস’ নামে একটি সেলিং কাউন্টার থেকে বেশ কিছু সিম কার্ড ইস্যু করা হয়েছিল। কিন্তু পুলিশ যখন সেই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তল্লাশি চালায়, তখন সেখানে কোনো দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অস্তিত্বই পাওয়া যায়নি।
পুলিশের জালে যারা
তদন্তে নেমে পুলিশ প্রথমে পিন্টু ঘোষ (৪৫) নামের এক ব্যক্তিকে গড়িয়াহাট থেকে গ্রেফতার করে। অভিযোগ, তিনি রাহুল আগরওয়ালের নামে POS অনুমোদনের নথিতে সই করে এবং সিল-স্ট্যাম্প ব্যবহার করে এই ভালিয়াতি চক্রকে সচল রাখতে প্রধান ভূমিকা নিয়েছিলেন। এছাড়া ‘মা ভ্যারাইটিস’-এর মালিক বাবুসোনা হালদার (২৮) এবং রাজীব পাসওয়ান (২২) নামের আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, রাজীব ওই ভুয়ো কাউন্টার থেকে সিম সংগ্রহ করে ‘ছোটু’ নামের এক ব্যক্তির কাছে পাচার করত।
বর্তমানে ধৃতদের জেরা করে এই চক্রের মূল পান্ডা ‘ছোটু’ এবং দেশের অন্য প্রান্তের সাইবার গ্যাংয়ের সঙ্গে এদের ঠিক কী যোগ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।