পশ্চিমবঙ্গে শিক্ষার মেগা মাস্টারপ্ল্যান! রাজ্যে এক ধাক্কায় খুলতে চলেছে ১০০০টি নতুন স্কুল।

বাংলার শিক্ষাজগতে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত মিলল। রাজ্যজুড়ে শিক্ষার পরিকাঠামো আরও শক্তিশালী করতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। সম্প্রতি কলকাতার একটি বিশেষ অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে যে, আগামী এক বছরের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অন্তত ১০০০টি নতুন ‘বিদ্যা भारती’ স্কুল খোলা হবে। এর ফলে রাজ্যের প্রতিটি জেলা, ব্লক এবং গ্রামীণ স্তর পর্যন্ত এই শিক্ষা নেটওয়ার্কের পরিধি আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে কী অবস্থা এবং ইতিহাস?
তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে বিদ্যা भारती-র অধীনে প্রায় ৩১৩টি স্কুল সাফল্যের সঙ্গে পরিচালিত হচ্ছে। নতুন এই স্কুলগুলি চালু হলে এই সংখ্যা একলাফে অনেকটাই বেড়ে যাবে। উল্লেখ্য, ১৯৫২ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে ‘সরস্বতী শিশু মন্দির’ নাম দিয়ে এই শিক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল। বর্তমানে সারা দেশজুড়ে এই সংগঠনের ১২ হাজারের বেশি স্কুল এবং ১০ হাজারের কাছাকাছি বাল সংস্কার কেন্দ্র পরিচালিত হচ্ছে।
কী বিশেষত্ব রয়েছে এই স্কুলগুলির?
এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গণিত, বিজ্ঞান, ভাষা এবং সামাজিক বিজ্ঞানের মতো প্রচলিত সাধারণ বিষয়গুলির পাশাপাশি ভারতীয় সংস্কৃতি, নৈতিক শিক্ষা, যোগব্যায়াম এবং সূর্য নমস্কারের মতো ঐতিহ্যবাহী বিষয়গুলির ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া তুলনামূলকভাবে কম ফি-র কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের কাছে এগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।
অন্যদিকে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও সুসংহত করতে স্কুল, উচ্চশিক্ষা, কারিগরি এবং সংখ্যালঘু শিক্ষা বিভাগকে একটি একক প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার প্রস্তাব নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সবমিলিয়ে, ১০০০টি নতুন স্কুল খোলার এই ঘোষণা বাংলার শিক্ষা মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।