আদালতের লড়াই নয়, বিরোধ মেটানোর আসল চাবিকাঠি কোথায়? বড় বার্তা দিলেন প্রধান বিচারপতি!

দিল্লিতে অনুষ্ঠিত BRICS চিফ জাস্টিস ফোরাম-এর মঞ্চ থেকে বিচারব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দেশের প্রধান বিচারপতি (CJI) সূর্যকান্ত। ফোরামের দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বর্তমান বিশ্বব্যবস্থায় ব্যবসায়িক গতি বজায় রাখতে হলে সময়মতো এবং সঠিক উপায়ে ন্যায়বিচার পাওয়া অত্যন্ত জরুরি।
মধ্যস্থতা ও পারস্পরিক বোঝাপড়ার ওপর জোর: বৈশ্বিক বাণিজ্যে বাণিজ্যিক বিরোধ দ্রুত মেটানোর ওপর জোর দিয়ে সিজেআই বলেন, আদালতের দীর্ঘসূত্রতার বাইরে বেরিয়ে ‘মধ্যস্থতা’ বা পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা একটি অত্যন্ত কার্যকর এবং আধুনিক পথ। ভারত, চীন কিংবা দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ঐতিহ্য ও গ্রাম্য পঞ্চায়েত ব্যবস্থার উদাহরণ টেনে তিনি বোঝান যে, সুসংহত আলোচনার মাধ্যমে আইনি জটিলতা কমিয়ে পারস্পরিক ভরসা অর্জন করা সম্ভব।
নাালন্দা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ও মুক্ত চিন্তার আহ্বান: বক্তব্যের শেষ পর্যায়ে প্রাচীন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে স্মরণ করে সিজেআই জানান, নালন্দার মতো ব্রিকস দেশগুলিকেও মুক্ত চিন্তা, সুস্থ বিতর্ক এবং মতপার্থক্যের জায়গাকে সম্মান জানিয়ে এগিয়ে চলতে হবে। বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে বাণিজ্য ও সংস্কৃতিকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি, যা আন্তর্জাতিক আইনি মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।