ঋণের সুদ দিতে না পারায় চরম নির্যাতন! পোশাক খুলিয়ে ভিডিও ভাইরাল করার হুমকির ঘটনায় ধৃত ৪!

ঋণের টাকা বা সুদ সময়মতো শোধ করতে না পারায় এক মহিলাকে আটকে রেখে চরম হেনস্থা করার অভিযোগ উঠল। শুধু তাই নয়, মহিলার পোশাক খুলিয়ে সেই ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ারও চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুই মহিলা সহ মোট চার অভিযুক্তকে গ্রেফতার করেছে।

কীভাবে ঘটেছিল ঘটনা? পুলিশ ও নিগৃহীতা সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা প্রায় দু’বছর আগে রেশমা নামের এক জনের কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু গত ছ’মাস ধরে তিনি সেই ঋণের সুদ মেটাতে পারেননি। পাশাপাশি, রেশমার মাধ্যমেই নাজরাথ নামের আরেক জনের কাছ থেকে তিনি আরও ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। প্রথমার্ধে নিয়মিত টাকা দিলেও আর্থিক সংকটের কারণে গত চার সপ্তাহ ধরে সেই কিস্তিও দেওয়া সম্ভব হয়নি।

হয়রানির ভয়ে মহিলা রেশমার নম্বর ব্লক করে অন্যত্র চলে গেলেও, নাজরাথ তাঁকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ডেকে পাঠায়। এরপর নাজরাথের বাড়িতে পৌঁছানোর পর সুহেল ও সইফ সহ অভিযুক্তরা মিলে তাঁকে জোর করে একটি অটোয় তুলে শহরের বাইরে কুমবালগোড়ুর একটি বাড়িতে আটকে রাখে। সেখানে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও পোশাক খুলিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

এদিকে মহিলার মা থানায় নিখোঁজ ডায়েরি করায় পুলিশ তদন্তে নেমে প্রযুক্তির সাহায্য ও তল্লাশি চালিয়ে নিগৃহীতাকে উদ্ধার করে এবং চার অভিযুক্তকে পাকড়াও করে। ঋণের ফাঁদে ফেলে এমন পাশবিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়েছে সর্বত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *