বিদেশেও তীব্র বিক্ষোভের মুখে মোহন ভাগবত! অস্বস্তি বাড়তেই বড় বার্তা দিল আরএসএস!

মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ব্রিটিশ মুলুকেও তীব্র প্রতিবাদের মুখে পড়লেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত। বর্তমানে শতবর্ষ-কেন্দ্রিক জনসংযোগের তিন-দেশীয় সফরের শেষ ধাপে ব্রিটেনে রয়েছেন তিনি। তবে তাঁর এই সফরকে কেন্দ্র করে বিভিন্ন মানবাধিকার ও সুশীল সমাজের সংগঠনের তরফ থেকে তীব্র বিক্ষোভ শুরু হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়েছে। এই পরিস্থিতিতে সংগঠনের অস্বস্তি কাটাতে ময়দানে নেমে বড় বার্তা দিল আরএসএস।

কী বলছে আরএসএস? ব্রিটেনের সুশীল সমাজের প্রায় ২০টি সংগঠন লন্ডনের মেয়র সাদিক খানকে চিঠি দিয়ে মোহন ভাগবতের প্রস্তাবিত অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়েছে। ঠিক যেমন আমেরিকার নিউ ইয়র্কে হয়েছিল। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে আরএসএস-এর মিডিয়া ইন-চার্জ সুনীল আম্বেদকর স্পষ্ট ভাষায় জানান যে, গণতন্ত্রে ভিন্ন মত থাকাটেই অত্যন্ত স্বাভাবিক।

লন্ডনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা শান্তি, সংহতি ও ঐক্যের পক্ষে এবং সবার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আমাদের লুকানোর মতো কিছু নেই। আমরা কী ভাবি এবং বিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কী—সেসব জানাতেই আমরা এখানে এসেছি। আমরা বিতর্ক ও মতবিনিময়ের প্রত্যাশা করি। যারা আলোচনা করতে ইচ্ছুক, তাদের সকলের সঙ্গেই আমরা কথা বলতে প্রস্তুত।”

কেন এই প্রতিবাদ? ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের বিদেশ দপ্তরে পাঠানো চিঠিতে বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে যে ভাগবতের এই সফর মূলত ভাবমূর্তি উন্নয়নের একটি কৌশল মাত্র। ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’, ‘ইউকে-ইন্ডিয়ান মুসলিম কাউন্সিল’ এবং ‘সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ’-এর মতো সংস্থাগুলি আরএসএসকে তীব্র আক্রমণ করে মেয়রকে অনুষ্ঠানটির নিন্দা জানানোর দাবি জানিয়েছিল।

উল্লেখ্য, এর আগে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে ৫ হাজারের বেশি মানুষের সামনে ভাষণ দিয়েছিলেন মোহন ভাগবত। সেখানে ঐক্য ও ধর্মের প্রকৃত অর্থ তুলে ধরেছিলেন তিনি। তবে বিদেশ বিভুঁইয়ে আরএসএস প্রধানের কর্মসূচি ঘিরে এই লাগাতার বিক্ষোভ আন্তর্জাতিক রাজনীতি ও সংবাদমাধ্যমে যে নতুন করে চর্চার জন্ম দিয়েছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *