পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ জানাতে চান? মানতেই হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই নতুন কড়া শর্ত

প্রবেশিকা পরীক্ষা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত অভিযোগ জানানোর প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং ভুয়া বা বিভ্রান্তিকর অভিযোগ রুখতে এবার থেকে সম্পূর্ণ নতুন এবং কঠোর নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।
সংস্থার নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত কোনো অভিযোগ আর যত্রতত্র বা মৌখিকভাবে গ্রহণ করা হবে না। অভিযোগ জানানোর পদ্ধতিকে আরও সুনির্দিষ্ট করতে আবেদন নম্বর এবং নিবন্ধিত ইমেল আইডি বাধ্যতামূলক করা হয়েছে।
NTA-র জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, প্রার্থীদের এখন থেকে শুধুমাত্র তাদের নিবন্ধিত ইমেল ঠিকানা (অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়ার সময় যে ইমেল ব্যবহার করা হয়েছিল) থেকেই নির্দিষ্ট হেল্পডেস্ক ইমেল ঠিকানায় অভিযোগ পাঠাতে হবে। এছাড়া ইমেলের বিষয়বস্তুতে স্পষ্ট করে আবেদন নম্বর এবং সংশ্লিষ্ট পরীক্ষার নাম উল্লেখ করা বাধ্যতামূলক। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় স্ক্রিনশট বা প্রাসঙ্গিক নথিও সংযুক্ত করতে হবে। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এড়াতেই এই কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি।