বিনা সাহায্যেই ময়লার স্তূপ সাফ করে নদীকে ফিরিয়ে দিলেন জীবন! ভাইরাল যুবকের এমন কাণ্ড দেখে চোখ কপালে উঠবে

সোশ্যাল মিডিয়ার ক্ষমতা যে কতখানি বড়, তা ফের একবার প্রমাণ হলো। ইন্টারনেটের দৌলতে রাতারাতি তারকা হয়ে ওঠার বহু ঘটনা হামেশাই সামনে আসে, কিন্তু মধ্যপ্রদেশের রাজগড় জেলার যুবক বিট্টি সিংহ রঘুবংশী ওরফে ‘বিট্টি তবাওহি’র কীর্তি সকলের থেকে একেবারে আলাদা। কোনো রকম সরকারি বা প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই নিজের শহরের একটি নোংরা নদীকে একেবারে একা হাতে সাফ করে তিনি এখন ইন্টারনেট সেনসেশন। শুধু দেশেই নয়, তাঁর এই অসামান্য কাজের সুখ্যাতি এখন পৌঁছে গেছে সুদূর ইংল্যান্ডেও।
বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা এই যুবক রাজগড়ের ব্যাওরা এলাকার অজনার নদীকে পরিষ্কার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কিছুদিন আগেও যে নদীটি ময়লার স্তূপ আর জলজ উদ্ভিদে সম্পূর্ণ ঢেকে গিয়ে মৃতপ্রায় হয়ে পড়েছিল, বিট্টি কোনো সাহায্য ছাড়া নিজেই সেই নদীর চেহারাটাই বদলে দিয়েছেন।
তাঁর এই অভাবনীয় কাজের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তে পড়তে পৌঁছে যায় ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসনের কাছেও। বিট্টির প্রশংসায় পঞ্চমুখ হয়ে পিটারসন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি বিশেষ পোস্ট শেয়ার করেন। তিনি লেখেন যে এই তরুণ জলের দূষণকে আক্ষরিক অর্থেই ‘তবাওহ’ বা ধ্বংস করে দিচ্ছে। কারণ আসল পরিবর্তন তখনই আসে, যখন কেউ অন্যের সাহায্যের জন্য অপেক্ষা না করে নিজে উদ্যোগ নেয়। শুধু তাই নয়, বিট্টি তবাওহিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জোরালো দাবিও জানিয়েছেন এই বিশ্বখ্যাত ক্রিকেটার। এক সাধারণ যুবকের এমন অসাধারণ পরিবেশ সচেতনতা এখন গোটা দেশের নজর কেড়েছে।