ঘরের মধ্যে ৪-৫ দিন ধরে পড়েছিল নিথর দেহ! রহস্যজনক পরিস্থিতিতে মৃত ৩৫ বছরের তরুণ গায়ক

পাঞ্জাবি সংগীতজগতে নেমে এল গভীর শোকের ছায়া। মাত্র ৩৫ বছর বয়সের এক তরুণ গায়ক ও গীতিকারের রহস্যজনক মৃত্যুতে তোলপাড় শুরু হয়েছে। গত বৃহস্পতিবার লুধিয়ানার সুধার পট্টি ধালিওয়াল গ্রামে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় বলজিৎ সিংয়ের দেহ। বেশ কয়েক দিন ধরে তাঁকে দেখতে না পাওয়ায় প্রথমে কেউ সন্দেহ না করলেও, পরে বাড়ি থেকে আসা তীব্র দুর্গন্ধের জেরে প্রতিবেশীদের টনক নড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখা যায়, একটি ঘরের খাটের উপর পড়ে রয়েছে বলজিৎয়ের দেহ এবং ততক্ষণে তাতে পচন ধরতে শুরু করেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, মৃত্যুর পর প্রায় চার থেকে পাঁচ দিন কেটে গিয়েছিল। বাবা-মায়ের মৃত্যুর পর ওই বাড়িতে একাই থাকতেন অবিবাহিত এই গায়ক। ফলে দিনের পর দিন তাঁর দেহ ঘরের ভেতরে পড়ে থাকলেও আশপাশের কেউ ঘুণাক্ষরেও টের পাননি।
ঘটনার তদন্তে নেমে মাঠে নামে পুলিশ প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে ফরেনসিক দল, ডগ স্কোয়াড এবং সিআইএ-র সদস্যদের ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়। বাড়ি ও আশপাশের এলাকা থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে কারা তাঁর বাড়িতে যাতায়াত করেছিলেন, তাও খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এদিকে, কিছু সংবাদমাধ্যমের রিপোর্টে বাড়ির ভিতরে শুকনো রক্তের দাগ পাওয়ার দাবি করা হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। মৃত্যুর নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনার কথা বলা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের কোনো স্পষ্ট প্রমাণ মেলেনি এবং ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
একা বাড়িতে থাকা এক তরুণ গায়কের এমন আকস্মিক পরিণতি এবং চার-পাঁচ দিন ধরে দেহ পড়ে থাকার ঘটনায় একাধিক প্রশ্ন দানা বেঁধেছে। মৃত্যুর আসল কারণ জানতে এখন ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল।