দাবার সিংহাসন কি তবে ছাড়ছেন ম্যাগনাস? হঠাত কেন এমন কথা বললেন সর্বকালের সেরা তারকা?

দাবা থেকে এখনই পাকাপাকিভাবে সরে দাঁড়াচ্ছেন না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। তবে তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে আন্তর্জাতিক দাবা মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। গ্লোবাল চেস লিগ (GCL)-এ নামার আগে এক সাক্ষাৎকারে কার্লসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আয়োজকদের এবার তাঁকে বাদ দিয়েই খেলার ভবিষ্যৎ পরিকল্পনা করা উচিত।

আধুনিক দাবার অবিসংবাদিত রাজা মনে করেন, তাঁর পেশাদার ক্যারেয়ারের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। ৩৫ বছর বয়সি নরওয়েজিয়ান তারকা ক্লাসিক্যাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে আগেই দূরত্ব তৈরি করেছেন। বর্তমানে তিনি র‍্যাপিড দাবা এবং বাছাই করা হাই-প্রোফাইল টুর্নামেন্টেই বেশি মনোযোগ দিচ্ছেন। নতুন ফর্ম্যাটের খেলা পছন্দ করলেও তিনি টুর্নামেন্ট আয়োজকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেছেন, শুধুমাত্র তাঁর ব্যক্তিগত পছন্দ বা চাহিদার ওপর ভিত্তি করে যেন দাবার ভবিষ্যতের নকশা তৈরি করা না হয়। তাঁর পরিষ্কার কথা, তিনি আর বেশি দিন ময়দানে নেই।

তবে এখনই যে তিনি প্রতিযোগিতার দৌড় থেকে ছিটকে যাচ্ছেন না, তা তাঁর কথায় স্পষ্ট। আসন্ন গ্লোবাল চেস লিগের দ্রুত গতির ফর্ম্যাট নিয়ে তিনি যথেষ্ট উৎসাহিত। এই টুর্নামেন্টে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে লড়বেন বিশ্বের বাঘা বাঘা গ্র্যান্ডমাস্টাররা। ছ’টি বোর্ডে একসঙ্গে চলা এই রোমাঞ্চকর লড়াই এবং নতুন পয়েন্ট সিস্টেমে নিজেকে ফের একবার প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন এই বিশ্বসেরা তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *