টাইপিংয়ের দিন শেষ! এবার মুখের কথাতেই জিমেইলে লিখবে ইমেল, গুগলের দুর্দান্ত এআই ফিচারে চমকে যাবে দুনিয়া

ভিড় বাসে যাতায়াত করার সময় কিংবা দ্রুত কোথাও যাওয়ার তাড়ার মধ্যে হঠাৎ একটি গুরুত্বপূর্ণ মেইল বা ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন পড়লে বিপাকে পড়তে হয় প্রায়শই। সাধারণ মানুষের এই চিরকালীন সমস্যার স্থায়ী সমাধান করতে এক দুর্দান্ত ফিচার নিয়ে এল টেক জায়ান্ট গুগল। শুক্রবার থেকে জনপ্রিয় অ্যাপ জিমেইল (Gmail), গুগল ডকস (Google Docs) এবং গুগল কিপ (Google Keep)-এ যুক্ত করা হয়েছে রিয়েল-টাইম এবং টু-ওয়ে ভয়েস কনভার্সেশন বা ভয়েস সুবিধা। অত্যাধুনিক জেমিনি ৩.৫ লাইভ (Gemini 3.5 Live) প্রযুক্তির ওপর ভিত্তি করে এই ফিচারটি তৈরি করা হয়েছে।
নতুন ফিচারের মূল আকর্ষণ: অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, আগেকার ভয়েস টাইপিংয়ের সঙ্গে এই নতুন ফিচারের পার্থক্য কোথায়? অতীতে ভয়েস টাইপিং ছিল একমুখী (one-way)। অর্থাৎ ব্যবহারকারী যা বলতেন সেটাই টাইপ হতো এবং কোনো ভুল হলে তা ব্যাকস্পেস দিয়ে সংশোধন করতে হতো। কিন্তু নতুন এই এআই ফিচারের মাধ্যমে অ্যাপগুলি সরাসরি ব্যবহারকারীর সঙ্গে টু-ওয়ে বা দ্বিমুখী যোগাযোগ করতে পারবে। ব্যবহারকারীর বলা কনটেক্সট বা প্রসঙ্গ বুঝে নিজে থেকেই মেইল বা ডকুমেন্টের সঠিক বয়ান তৈরি করে দিতে সক্ষম এটি।
কীভাবে কাজ করবে জিমেইল, ডকস ও কিপ লাইভ?
-
Gmail Live: অনেক সময় পুরনো বা আর্কাইভ করা মেইল থেকে কোনো ট্র্যাকিং নম্বর, মিটিংয়ের নির্দিষ্ট সময় বা প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা বেশ ঝামেলার। কিন্তু এই নতুন ফিচারের সুবাদে ব্যবহারকারী সরাসরি জিমেইলের সঙ্গে কথা বলেই যেকোনো তথ্য যেমন খুঁজে পাবেন, তেমনই নিজের মতো করে মেইল লেখার নির্দেশও দিতে পারবেন।
-
Docs Live: লেখার ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা বা ‘রাইটার্স ব্লক’ কাটানো। ব্যবহারকারী কোনো নির্দিষ্ট ফরম্যাট না মেনে নিজের এলোমেলো বা দীর্ঘ ভাবনাগুলো মুখে বললেই ‘ডকস লাইভ’ তা নিখুঁতভাবে সাজিয়ে একটি সুন্দর মেমো বা ডকুমেন্ট তৈরি করে দেবে।
-
Keep Live: দ্রুত কোনো আইডিয়া বা গুরুত্বপূর্ণ নোট লিখে রাখার ক্ষেত্রে ‘গুগল কিপ’ বহু মানুষেরই পছন্দ। এবার এই কিপ লাইভ ফিচারটির মাধ্যমে সেই এলোমেলো ভাবনাগুলিকেও আরও সহজে গুছিয়ে তালিকাভুক্ত করা সম্ভব হবে।
গুগলের এই নতুন হ্যান্ডস-ফ্রি এবং রিয়েল-টাইম এআই ফিচার মোবাইল ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকর্মে এক বিরাট পরিবর্তন আনবে বলেই মনে করা হচ্ছে।