Ancient China Mystery: ২২০০ বছর ধরে রহস্যময় অন্ধাকারে চিনের সম্রাটের সমাধি! কেন ভিতরে ঢুকতে ভয়ে কাঁটা প্রত্নতাত্ত্বিকরা?

চিনের মাটির নীচে প্রায় ২২০০ বছর ধরে লুকিয়ে রয়েছে এক এমন রোমহর্ষক রহস্য, যার দরজা আজও খোলার সাহস করেননি বিশ্বের কোনো প্রত্নতাত্ত্বিক। এই রহস্যময় সমাধিটি চিনের প্রথম সম্রাট চিন শি হুয়াং-এর (Qin Shi Huang)। যাঁর নামের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন বিস্ময়—হাজার হাজার টেরাকোটা যোদ্ধার (Terracotta Army) সেই বিশাল ও বিখ্যাত বাহিনী। কিন্তু সেই সুপ্রাচীন মাটির সেনাবাহিনীর ঠিক পাশেই থাকা সম্রাটের আসল সমাধি কক্ষটি আজও পুরোপুরি অন্ধকারের আড়ালে রয়ে গেছে।
কেন খোলা হচ্ছে না এই সমাধি?
প্রশ্ন উঠতেই পারে, এত যুগান্তকারী একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোখের সামনে থাকা সত্ত্বেও কেন তা উন্মুক্ত করা হচ্ছে না? এর পেছনে রয়েছে ভয়ংকর কিছু কারণ। প্রাচীন চিনা ইতিহাসবিদ সিমা চিয়েনের লেখা ঐতিহাসিক নথিতে দাবি করা হয়েছিল, সম্রাটের সমাধির ভিতরে পারদ দিয়ে নদী, সমুদ্র এবং চিনের বিভিন্ন নদ-নদীর প্রতীকী রূপ তৈরি করা হয়েছিল।
একসময় এই বিবরণকে রূপকথা বা নিছক কল্পকাহিনি বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু আধুনিক আমলের বৈজ্ঞানিক গবেষণায় সমাধির চারপাশের মাটিতে অস্বাভাবিক ও বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি হাতেনাতে ধরা পড়েছে। ২০২০ সালের একটি গবেষণাতেও সেখানে চরম মাত্রায় পারদ থাকার বিষয়টি নিশ্চিত হয়। এছাড়া প্রাচীন নথিতে এও উল্লেখ রয়েছে যে, অনধিকার প্রবেশ ঠেকানোর জন্য সমাধির অন্দরে অতীতে স্বয়ংক্রিয় ক্রসবো বা ধনুকের মতো মারণ ফাঁদ পেতে রাখা হয়েছিল।
ইতিহাস নষ্ট হয়ে যাওয়ার ভয়
তবে গবেষকদের সবচেয়ে বড় ভয়ের জায়গাটি অন্যখানে। হাজার হাজার বছর ধরে মাটির নীচে নিখুঁতভাবে সিল করা একটি সুপ্রাচীন সমাধি হঠাৎ খুলে ফেললে ভেতরের পরিবেশের ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। বাইরের বাতাস, আর্দ্রতা এবং তাপমাত্রার সংস্পর্শে এলেই প্রাচীন কাঠ, রং, দুর্লভ ধাতু কিংবা শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত বহুমূল্য নিদর্শনগুলি চোখের নিমেষে নষ্ট বা ছাই হয়ে যেতে পারে। তাই প্রত্নতাত্ত্বিকদের কাছে ‘সমাধি খোলার অর্থ’ কেবল রহস্যের উন্মোচন নয়, বরং এক অমূল্য মানব ইতিহাসকে চিরতরে হারিয়ে ফেলার চরম ঝুঁকি নেওয়া।