Durgapuja Preparation Ruined: পুজোর প্যান্ডেলে জল, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা! চরম বিপর্যয়ের মুখে ঘাটালে কী চলছে?

টানা বৃষ্টি এবং জলাধার থেকে দফায় দফায় জল ছাড়ার জেরে ফের ভয়াবহ রূপ নিয়েছে ঝুমি ও শিলাবতী নদী। আর তার জেরে কার্যত জলের তলায় চলে গেছে গোটা ঘাটাল শহর ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির উঠোন—সব জায়গাতেই এখন থৈ থৈ করছে জল। দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে বাজারঘাট, সবেতেই এখন একমাত্র ভরসা ডিঙি আর নৌকা।

জলমগ্ন স্কুল, ক্লাসরুমে সাপ!

পরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ঘিরে। ঘাটাল পুরসভা এলাকার একাধিক স্কুলে জল ঢুকে পড়ায় পুরোপুরি বন্ধ রয়েছে পঠনপাঠন। ঘাটাল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সূত্রে জানা গিয়েছে, পুর এলাকায় মোট ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি জুনিয়র হাইস্কুল সম্পূর্ণ জলমগ্ন। কোথাও স্কুলের উঠোনে হাঁটুসমান জল, আবার কোথাও তা ঢুকে পড়েছে খোদ শ্রেণিকক্ষেও। জলে ভিজে নষ্ট হয়ে গেছে পড়ুয়াদের বসার বেঞ্চ ও টেবিল-চেয়ার। এমনকি কিছু কিছু স্কুলের ক্লাসরুমের ভিতর থেকে সাপ ঘুরে বেড়ানোর মতো ভয়ঙ্কর ছবিও সামনে এসেছে, যা নিয়ে চরম আতঙ্কিত অভিভাবকরা।

পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আড়গোড়া এলাকার যোগদা সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা ঠিক এমনই। কবে জল নেমে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্কুল ফের খুলবে, তার কোনো ঠিকঠিকানা নেই। দীর্ঘ এক মাস ধরে স্কুল বন্ধ থাকায় ছোটদের পড়াশোনা নিয়ে গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভিভাবকেরা।

ধাক্কা খেল পুজোর প্রস্তুতিও

শুধু পড়াশোনাই নয়, পুজোর ঠিক আগে এই বন্যায় বড়সড় ধাক্কা খেয়েছে দুর্গাপুজোর প্রস্তুতিও। ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় মণ্ডপ তৈরির কাজ মার খাচ্ছে। বহু জায়গায় প্যান্ডেলের কাঠামো দাঁড় করানোর কাজ শুরু হলেও তার মধ্যে জল ঢুকে যাওয়ায় তা থমকে গেছে। ৭ নম্বর ওয়ার্ডের চাউলি এলাকায় জলের মধ্যেই কোনোরকমে মণ্ডপ তৈরির কাজ চালাতে দেখা গেছে উদ্যোক্তাদের।

দুর্ভোগ চরমে, রাজনৈতিক তরজাও তুঙ্গে

পানীয় জলের ট্যাপকলগুলি জলের তলায় চলে যাওয়ায় পানীয় জল সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। তবে ঘাটালে এই জল-যন্ত্রণা নতুন কোনো ঘটনা নয়। বছরের পর বছর ধরে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়িত না হওয়ার জন্যই প্রতি বর্ষায় একই অভিশপ্ত ছবির পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বাম আমল থেকে বর্তমান শাসকদল—সব আমলেই প্রতিশ্রুতির ফুলঝুরি মিললেও কাজের কাজ কিছুই হয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অন্যদিকে, ক্ষমতাসীন দল ও বিরোধীদের রাজনৈতিক বাকযুদ্ধে ফের ইস্যু হয়ে উঠেছে সেই দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। কবে এই স্থায়ী সমাধান হবে, সেই আশাতেই এখন জলবন্দি হয়ে দিন গুনছেন ঘাটালবাসী।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *