নেপালের বন্যায় নিখোঁজদের সনাক্তকরণে বড় উদ্যোগ! ভারতে তৈরি হচ্ছে বিশেষ ডিএনএ ল্যাব

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতদেহ শনাক্তকরণের প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে ভারতে বিশেষ ফরেনসিক ল্যাবরেটরি গড়া হবে বলে জানাল ভারতের বিদেশমন্ত্রক। এদেশে বসবাসকারী নিখোঁজ ব্যক্তিদের নিকটতম জৈবিক আত্মীয়দের ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য কেন্দ্রীয় ও রাজ্য-স্তরের একাধিক ল্যাবরেটরি থেকে এই জরুরি পরিষেবা দেওয়া হবে।
বিদেশমন্ত্রকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ভারতে বসবাসকারী নিখোঁজদের প্রথম-ডিগ্রি জৈবিক আত্মীয়রা—যেমন বাবা, মা, ছেলে, মেয়ে বা ভাই-বোন—সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL), স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (SFSL), ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি (NFSU) এবং ডিএনএ প্রোফাইলিংয়ের ক্ষমতাযুক্ত যেকোনো NABL-স্বীকৃত ল্যাবরেটরিতে গিয়ে নিজেদের জৈবিক নমুনা জমা দিতে এবং ডিএনএ প্রোফাইল তৈরি করাতে পারবেন।
নেপালি কর্তৃপক্ষের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সংঘটিত ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ২৫৯ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে লাগাতার মৃতদেহ উদ্ধার করছেন। জরুরি উদ্ধারকারী দলগুলি ১২ হাজারের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করলেও এখনও প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক প্রেস বিবৃতিতে ২৬ আগস্টের এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের দেহ শনাক্তকরণ প্রক্রিয়া সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশ করেছে। এই সংকটজনক পরিস্থিতিতে শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজতর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক এই বিশেষ উদ্যোগ নিয়েছে। নেপাল পুলিশের পরামর্শ ও প্রযুক্তিগত প্রয়োজনীয়তা মেনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ‘অটোসোমাল এসটিআর’ (Autosomal STR) ডিএনএ প্রোফাইলিং করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে যেকোনো সহায়তার জন্য +৯৭৭ ৯৮৪১ ৬১৬০ ৯৫ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
পরিবারের সদস্যের ডিএনএ প্রোফাইল তৈরি হয়ে গেলে, অজ্ঞাতপরিচয় মৃতদেহ থেকে প্রাপ্ত ডিএনএ প্রোফাইলের সঙ্গে তা মেলানোর জন্য নেপালি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য-সহ dnacodis@nepalpolice.gov.np ই-মেলে পাঠাতে হবে। পাশাপাশি, কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের সমন্বয় ও সহায়তার সুবিধার জন্য ডিএনএ প্রোফাইলের একটি অনুলিপি eoikathmandufloodsupport@gmail.com ঠিকানাতেও পাঠাতে হবে বলে জানানো হয়েছে।