বর্ষায় অজান্তেই ঘরে সাপ ডেকে আনছেন না তো? এই ৬টি মারাত্মক ভুলের কথা জানলে শিউরে উঠবেন!

বর্ষাকাল মানেই স্যাঁতসেঁতে আবহাওয়া আর সাপের উপদ্রব। বহু সময়ই দরজা-জানালা দিয়ে কিংবা ফাঁকা পাত্র বা ঘরের কোণে ঘাপটি মেরে লুকিয়ে থাকে বিষধর সাপ। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, আপনার অজান্তেই ঘরের কোন কোন জিনিস বা ছোটখাটো অভ্যাসের কারণে সাপ বাড়ির ভেতর ছুটে আসছে? সাপের উপদ্রব এড়াতে কোন বিষয়গুলিতে নজর রাখা জরুরি, তা জেনে নেওয়া যাক:
১. পাখির খাবার ও জলের পাত্র
পাখিকে খাবার দেওয়া নিঃসন্দেহে ভালো অভ্যাস, তবে মাটিতে পড়ে থাকা দানাশস্য ইঁদুরকে আকৃষ্ট করে। আর ইঁদুর সাপের অন্যতম প্রধান খাদ্য। এছাড়া পাখির বাসা বা জলের পাত্রের লোভেও সাপ চলে আসতে পারে। তাই পাখির খাবার ও জলের পাত্র সবসময় দরজা-জানালা থেকে কিছুটা দূরে রাখুন।
২. খোলা কম্পোস্ট ও ভার্মিকম্পোস্টের স্তূপ
খোলা জায়গায় কম্পোস্ট তৈরি করলে জৈব বর্জ্য পচে পোকামাকড় ও ইঁদুর ডেকে আনে। সেই খাবারের সন্ধানেই সেখানে চলে আসে সাপ। তাই খোলা স্তূপের বদলে সবসময় ঢাকনাযুক্ত শক্ত কম্পোস্ট বিন ব্যবহার করা উচিত।
৩. বাগানে জমে থাকা জল
ছোট ফোয়ারা, পুকুর বা টবের নিচে জমে থাকা জল সাপের জল পানের দারুণ উৎস। পাশাপাশি এই জায়গাগুলিতে ব্যাঙ ও পোকামাকড়ের আনাগোনা বাড়ে, যা সাপের প্রধান খাদ্য। তাই বৃষ্টির পর বাগান ভালো করে পরিষ্কার রাখুন।
৪. পাথরের বাগান ও সাজানো পাথরের স্তূপ
বাগানের সৌন্দর্য বাড়াতে রাখা পাথরের স্তূপের ফাঁকফোকর সাপের লুকিয়ে থাকার আদর্শ জায়গা। সেখানে তারা খুব সহজেই অন্ধকার, ছায়া এবং নিরাপদে চলাচলের সুযোগ পায়। তাই বাড়ির প্রবেশপথের একেবারে পাশে পাথরের স্তূপ না রাখাই শ্রেয়।
৫. ইঁদুর আকর্ষণ করে এমন জিনিস
সাপ সাধারণত মানুষকে খুঁজতে বাড়ি ঢোকে না, আসে খাবারের সন্ধানে। খোলা জায়গায় রাখা চাল-গমের বস্তা, পোষা প্রাণীর খাবার বা পুরনো কার্টনের বাক্স ইঁদুরকে ডেকে আনে। আর ইঁদুর যেখানে বেশি, সাপও সেখানে হাজির হবেই। তাই ঘরবাড়ি ও স্টোররুম সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
৬. ঘন লতাগাছ ও ঝোপঝাড়
মানিপ্ল্যান্ট বা আইভির মতো ঘন লতাগাছ বাড়ির সৌন্দর্য বাড়ালেও তা সাপের চলাচলের জন্য আদর্শ আড়াল তৈরি করে। মাটির কাছাকাছি ঘন ঝোপঝাড়ও সাপকে লুকিয়ে থাকার সুযোগ করে দেয়। তাই নিয়মিত গাছপালা ও লতাপাতা ছাঁটাই করা অত্যন্ত জরুরি।