মাত্র এক ঘণ্টায় গা চুলকে দেওয়ার ব্যবসা! মাস গেলেই পকেটে আসছে ১৪ লক্ষ টাকা, আজব আইডিয়ায় চমকে গেলেন নেটিজেনরা।

বর্তমান যুগে প্রথাগত চাকরি ছেড়ে ব্যবসার দিকে ঝুঁকছেন বহু তরুণ-তরুণী। কেউ খুলছেন হোটেল-রেস্তরাঁ, কেউ বা বেছে নিচ্ছেন অন্য কোনো পেশা। কিন্তু সম্প্রতি চিনের এক যুবক যা করে দেখিয়েছেন, তা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। কাউকে গা চুলকে বা পিঠ চুলকে দেওয়ার মতো এক অভিনব ব্যবসা ফেঁদে এখন রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই অদ্ভুত ব্যবসা করেই মাস গেলে তাঁর আয় হচ্ছে প্রায় ১৪ লক্ষ টাকা।
‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ সূত্রে জানা গেছে, চিনের হুবেই প্রদেশের বাসিন্দা ৩২ বছর বয়সি ঝাং শিয়াওচিয়াও শেংঝেনে ‘Suma’ নামের একটি অভিনব পার্লার খুলেছেন। মাসাজ পার্লারের আদলেই তৈরি এই জায়গায় গ্রাহকরা এসে শয্যায় শুয়ে পড়েন এবং প্রশিক্ষিত কর্মীরা যত্ন সহকারে তাঁদের পিঠ বা শরীরের অন্যান্য অংশ চুলকে দেন। বিশেষ কিছু যন্ত্র বা নখ বসানো সরঞ্জাম ব্যবহার করা হয়, যা গায়ের ওপর বোলালে গ্রাহকরা দারুণ আরাম পান।
এই বিশেষ পরিষেবার জন্য ঘণ্টা প্রতি প্রায় ৩০০ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় প্রায় ৪২০০০ টাকা ফি নেওয়া হয়। ঝাং জানিয়েছেন, প্রথম সারির শহরগুলির ব্যস্ত জীবনে মানুষ প্রচণ্ড মানসিক চাপে থাকেন। তাই তাঁর এই অভিনব ‘চুলকানি সার্ভিস’ দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। শেংঝেনে তাঁর দুটি আউটলেট রয়েছে, যেখান থেকে প্রতি মাসে ১ লক্ষ ইউয়ান বা প্রায় ১৪ লক্ষ টাকা আয় হচ্ছে। শৈশবের ছোটখাটো আরামদায়ক অনুভূতির কথাই তাঁকে এই আজব ব্যবসার আইডিয়া জুগিয়েছিল, যা আজ তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।