বকেয়া DA নিয়ে বড় মোড়! ১২ সেপ্টেম্বর দিল্লিতে ইন্দু মালহোত্রা কমিটির হাই-ভোল্টেজ বৈঠক, ডাক পেলেন ১০ প্রতিনিধি

সরকারি কর্মচারী এবং শিক্ষকদের বকেয়া মহার্ঘভাতা (DA) সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা কাটাতে এবার কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট গঠিত কমিটি। আগামী ১২ সেপ্টেম্বর বিকেলে দিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দিয়েছে ইন্দু মালহোত্রা কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই বৈঠকে ১০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে বকেয়া ডিএ সংক্রান্ত সমস্ত বিরোধের একটি স্থায়ী সমাধান সূত্র খোঁজা হবে বলে মনে করা হচ্ছে।
৪২ হাজার কোটির হিসাব ও আইনি লড়াই
এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল যে, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতার একটি অংশ ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে এবং বাকি অংশ দেওয়ার প্রক্রিয়াও চলছে। শীর্ষ আদালতের দেওয়া হিসাব অনুযায়ী, সরকারি কর্মী, সরকারপোষিত কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া মহার্ঘভাতা মেটাতে মোট প্রায় ৪২ হাজার কোটি টাকা খরচ হওয়ার কথা।
এর মধ্যে সরকারি কর্মীদের ডিএ বাবদ ১১,৭৯০ কোটি টাকা, সরকারপোষিত কর্মীদের জন্য ১৮,৩৬৯ কোটি টাকা এবং পেনশনভোগীদের বকেয়া মেটাতে ১১,৬১১ কোটি টাকার প্রয়োজন। তবে সরকারি কর্মীদের একাংশ ডিএ পেলেও, সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা এখনও তাঁদের প্রাপ্য মহার্ঘভাতা না পাওয়ায় ক্ষোভ দানা বেঁধেছে।
হাইকোর্টের কড়া নজরদারি
এই পরিস্থিতিতে শিক্ষক সংগঠন ABTA-র পক্ষ থেকে বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আনা হয়। মামলাটির শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ রাজ্য সরকারকে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেয়। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এই সংক্রান্ত অবস্থান জানাতে বলা হয়েছে। ঠিক তার পরের দিনই, অর্থাৎ ১২ সেপ্টেম্বর দিল্লির এই গুরুত্বপূর্ণ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।