বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা! ডিভিসির জল ছাড়ার আগেই জেলায় জেলায় নদীগুলির ‘স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করল নবান্ন

ডিভিসির জলাধারগুলি থেকে নতুন করে জল ছাড়ার সম্ভাবনার মাঝেই দক্ষিণবঙ্গের নদীবাঁধের পরিস্থিতি নিয়ে চরম সতর্কবার্তা জারি করল রাজ্য প্রশাসন। মালদার ভুতনি এবং গঙ্গাসাগরে ইতিমধ্যেই বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকে পড়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের অন্দরে। এই পরিস্থিতিতে নদীবাঁধগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে আজ দুপুর তিনটে থেকে নবান্নে এক জরুরি উচ্চপর্যায়ের রিভিউ বৈঠক শুরু হয়েছে। সেচ দফতরের অধীনে থাকা সমস্ত জেলার ইঞ্জিনিয়ারদের এই বৈঠকে তলব করা হয়েছে।

নবান্ন সূত্রে খবর, বৈঠকে উপস্থিত রয়েছেন খোদ সেচমন্ত্রী, সেচ দফতরের প্রধান সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তারা। কোন জেলার কোন বাঁধ কতটা সুরক্ষিত এবং কোথায় দ্রুত মেরামতি বা বাড়তি নজরদারির প্রয়োজন রয়েছে, তা এঞ্জিনিয়ারদের কাছ থেকে বিন্দুবিসর্গ জেনে নিচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকেরা। নদীভাঙনের জেরে একাধিক এলাকায় বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার চাঞ্চল্যকর বিশেষজ্ঞ রিপোর্ট ইতিমধ্যেই এসে পৌঁছেছে সেচ দফতরে। সেই সমস্ত রিপোর্ট সামনে রেখেই বাঁধগুলির দুর্বল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশগুলো নিয়ে এঞ্জিনিয়ারদের সঙ্গে চলছে বিস্তারিত পর্যালোচনা। ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার চাপ সামলাতে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে এই বৈঠকে কী ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *