‘বিচার ব্যবস্থা একচুলও এগোচ্ছে না!’ আরজি করের তদন্ত ও আদালতের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভয়ার মা রত্না দেবনাথ

আরজি কর কাণ্ডের পর প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও এখনও অধরা কাঙ্ক্ষিত ন্যায়বিচার। নিজের মেয়েকে বিচার পাইয়ে দেওয়ার জেদেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। কিন্তু শাসক বদল ও বিধায়ক হওয়ার পরেও এখনও মেয়ের বিচার না পাওয়ায় এবার সিবিআই এবং বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রকাশ্যেই চরম হতাশা ও ক্ষোভ উগরে দিলেন তিনি।

বিচার ব্যবস্থা নিয়ে ক্ষোভ:

এদিন রত্না দেবনাথ সরাসরি প্রশ্ন তোলেন বিচার প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে। তিনি আক্ষেপ করে বলেন, জলের মতো পরিষ্কার যে বিচার ব্যবস্থা কোন দিকেই এগোচ্ছে না। রাজনীতিতে আসার পেছনের স্মৃতিচারণা করে তিনি জানান, তখন অনেকেই তাঁদের বুঝিয়েছিলেন যে সরকার পরিবর্তন হলে সবকিছু বদলে যাবে। কিন্তু বাস্তবে আজও সুবিচার অধরা। তাঁর বিস্ফোরক অভিযোগ, অভিযুক্তরা চিকিৎসক হওয়ার কারণে তাঁদের সহজে গ্রেফতার করা যাবে না— আদালতের একটি শুনানিতে এমন যুক্তি দেওয়া হয়েছিল। এর পাল্টা জবাবে অভয়ার মা প্রশ্ন তোলেন, যিনি মারা গিয়েছিলেন তিনিও তো চিকিৎসক ছিলেন! পেশার আড়ালে অপরাধীদের রক্ষা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সোমনাথ দে গ্রেফতার:

এরই মধ্যে এই চাঞ্চল্যকর মামলায় বড় অগ্রগতি হয়েছে। আরজি কর কাণ্ডের সময় প্রমাণ লোপাট ও তড়িঘড়ি দেহ দাহ করার অভিযোগে পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা ও হায়দরাবাদ ঘুরে বেঙ্গালুরুতে গা ঢাকা দিয়ে মোবাইল বন্ধ রেখেও শেষ রক্ষা হয়নি। আজই তাঁকে বেঙ্গালুরু সিটি সিভিল কোর্টে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এর আগে এই একই অভিযোগে ওড়িশার বালেশ্বর থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল।

তদন্তের দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নিহত চিকিৎসকের মায়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে তীব্র শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *