একাদশ শ্রেণিতেই বিদায় কলেজ-স্কুলকে! আজ কোন বড় ভুলের জন্য বারবার আফসোস করেন করিনা কাপুর?

বলিউডে তাঁর গ্ল্যামার, অভিনয় দক্ষতা এবং স্টারডম নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় ধরে রূপোলি পর্দা কাঁপাচ্ছেন করিনা কাপুর খান। তবে এত সাফল্য ও খ্যাতির শিখরে পৌঁছেও মনের এক কোণায় যেন একরাশ আক্ষেপ রয়ে গিয়েছে তাঁর। সম্প্রতি নিজের শিক্ষাজীবন ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলে অভিনেত্রী জানান, একাদশ শ্রেণির গণ্ডি পেরোনোর পরেই তিনি পড়াশোনা চিরতরে বন্ধ করে দিয়েছিলেন। আর সেই সিদ্ধান্তই আজ মাঝেমধ্যে তাঁকে ভাবিয়ে তোলে।
আলাপচারিতায় করিনা জানান, সেই সময়ে অভিনয়ের প্রবল ইচ্ছা এবং সুযোগ আসায় তিনি পড়াশোনার বদলে ক্যামেরা ও ক্যারাভানকেই নিজের দুনিয়া বেছে নিয়েছিলেন। তিনি জানতেন, তাঁর এই সিদ্ধান্ত নিয়ে অনেকে কটাক্ষ করতে পারেন কিংবা হাসাহাসি হতে পারে, তবুও নিজের মনকে প্রাধান্য দিয়েই তিনি সোজা গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রেখেছিলেন। নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকায় পরবর্তীতে তিনি বলিউডের অন্যতম সফল ও শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন ঠিকই, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা অসম্পূর্ণ থাকার আক্ষেপ তাঁর মনের কোথাও থেকে গেছে।
নিজের এই অভিজ্ঞতা থেকেই বর্তমানের দুই সন্তান তৈমুর ও জেহর ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ আলাদা ও কঠোর নীতি গ্রহণ করেছেন করিনা ও সইফ আলি খান। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্তানেরা ভবিষ্যতে যে পেশাই বেছে নিক না কেন, আগে তাদের পড়াশোনা সম্পূর্ণ করতেই হবে। বিশেষ করে বড় ছেলে তৈমুরের খেলাধুলোর প্রতি দারুণ ঝোঁক রয়েছে এবং সে আন্তর্জাতিক স্তরে খেলার স্বপ্নও দেখে। বাবা-মা হিসেবে সাইফ-করিনা সেই স্বপ্নকে পুরোপুরি সমর্থন করলেও, পড়াশোনাকে কোনোভাবেই অবহেলা করতে নারাজ।
অন্যদিকে, পেশাগত জীবনেও করিনা সমানভাবে ব্যস্ত। খুব শীঘ্রই মেঘনা গুলজার পরিচালিত এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত তাঁর আসন্ন ছবি ‘দায়রা’ মুক্তি পেতে চলেছে আগামী ১৮ সেপ্টেম্বর। ব্যক্তিগত জীবনের এই খোলামেলা স্বীকারোক্তি ও সেলিব্রিটি মায়ের কড়া নিয়মকানুন এখন বলিপাড়ায় হটকেকের মতো চর্চায় রয়েছে।