সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু! কর্ণাটকে বিনিয়োগ টানতে সোজা ময়দানে দেশের শীর্ষ কূটনীতিকরা

প্রযুক্তি, বিনিয়োগ এবং নতুন উদ্ভাবনে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও এক ধাপ বাড়িয়ে দিল কেন্দ্র। কর্নাটককে বিশ্বের সেরা টেক-হাবগুলির সঙ্গে জোড়ার লক্ষ্য নিয়ে রাজ্যে উচ্চ-পর্যায়ের বৈঠকে অংশ নিলেন দেশের দুই শীর্ষ কূটনীতিক— লস অ্যাঞ্জেলেসের ভারতীয় কনসাল জেনারেল অ্যাম্বাসাডর ডঃ কে. জে. শ্রীনিবাস এবং আজারবাইজানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অভয় কুমার।

সফরকালে এই প্রতিনিধি দলটি কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট এবং মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে কর্নাটকের ক্রমবর্ধমান আন্তর্জাতিক পরিচিতি, প্রযুক্তি ও শিল্পে রাজ্যের দক্ষতা এবং বিশ্বের বড় অর্থনৈতিক কেন্দ্রগুলির সঙ্গে পার্টনারশিপ বাড়ানোর মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।

এছাড়াও, তাঁরা রাজ্যের আইটি-বায়োটেকনোলজি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে, বড় ও মাঝারি শিল্পমন্ত্রী এম. বি. পাটিল, শক্তি ও পর্যটন মন্ত্রী কে. জে. জর্জ এবং পরিবহণ মন্ত্রী বৈরাথী সুরেশের সঙ্গেও একপ্রস্ত আলোচনা করেন। আন্তর্জাতিক স্তরে রাজ্যের উপস্থিতি আরও মজবুত করা, বিনিয়োগ ও প্রযুক্তিগত পার্টনারশিপের পথ সহজ করা, স্টার্টআপ ইকোসিস্টেমকে উৎসাহ দেওয়া এবং পর্যটনের সম্ভাবনা তুলে ধরাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।

এআই ও অ্যারোস্পেস খাতে বিশেষ নজর সফরের মূল আকর্ষণ ছিল প্রযুক্তি ও উদ্ভাবন। কূটনীতিকরা বেঙ্গালুরুর ‘সর্বম এআই’ (Sarvam AI) নামক সংস্থা পরিদর্শন করেন। সেখানে তাঁরা ভারতের নিজস্ব এআই ইকোসিস্টেম, দেশীয় এআই মডেল এবং বহুভাষিক এআই-এর অগ্রগতি খতিয়ে দেখেন। পাশাপাশি, আন্তর্জাতিক এআই হাবগুলির সঙ্গে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এর পরে তাঁরা কর্নাটক অ্যারোস্পেস পার্ক এবং সেন্টাম ইলেকট্রনিক্স ঘুরে দেখেন। অ্যারোস্পেস, প্রতিরক্ষা ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিংয়ের মতো ক্ষেত্রগুলিতে রাজ্য কতটা এগিয়েছে, তা সরাসরি পর্যবেক্ষণ করেন তাঁরা।

লস অ্যাঞ্জেলেসের ভারতীয় কনস্যুলেট জেনারেল জানিয়েছে, কর্নাটককে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টের (বিশেষ করে দক্ষিণ ক্যালিফোর্নিয়া) প্রথম সারির প্রযুক্তি কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে আগামী দিনে দুই অঞ্চলের মধ্যে বিনিয়োগের আদান-প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ আরও বহুগুণ বাড়বে বলে প্রবল আশাবাদী অর্থনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *