২০৩১-এর মধ্যে ১৬টি নতুন মডেল! বড়সড় চমক নিয়ে বাজারে আসছে মাহিন্দ্রা থার ফেসলিফ্‌ট

ভারতীয় SUV বাজারে নিজেদের আধিপত্য আরও মজবুত করতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মাহিন্দ্রা। আগামী ২০২৬ থেকে ২০৩১ সালের মধ্যে সংস্থার তরফে মোট ১৬টি নতুন মডেল বাজারে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অঙ্গ হিসেবেই এবার জনপ্রিয় লাইফস্টাইল এসইউভি মাহিন্দ্রা থার আসছে একেবারে নতুন অবতারে।

সম্প্রতি রাস্তায় পরীক্ষামূলকভাবে চলাকালীন নতুন থার ফেসলিফ্‌টের যে ছবি সামনে এসেছে, তাতে জনপ্রিয় ‘থার রক্স’ (Thar Roxx) মডেলের স্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে। গাড়িটির সামনের অংশে নতুন ডিজাইনের গ্রিল, আপডেটেড হেডল্যাম্প, নতুন ফ্রন্ট বাম্পার এবং আকর্ষণীয় অ্যালয় হুইল যুক্ত হতে পারে। পাশাপাশি পিছনের ডিজাইনের লাইট ও বাম্পারের গঠনেও ছোটখাটো পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

বাইরের রূপ বদলের পাশাপাশি থার ফেসলিফ্‌টের কেবিনেও প্রযুক্তির ছোঁয়া বাড়ানো হচ্ছে। বর্তমান ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লের সঙ্গে একটি সম্পূর্ণ ডিজিটাল ড্রাইভার ইনফরমেশন স্ক্রিন, ভেন্টিলেটেড সিট এবং উন্নত মানের লেদারেট সিট কভার যুক্ত হতে পারে। নিরাপত্তার দিক থেকে চালকদের সুরক্ষায় এতে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) থাকার জোরালো জল্পনা রয়েছে। তবে মেকানিকাল দিক থেকে এর ইঞ্জিনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পুরনো পরিচিত ইঞ্জিন এবং শক্তিশালী অফ-রোড ক্ষমতা বজায় রেখেই শহরের রাস্তায় ব্যবহারের সুবিধা আরও বাড়ানোর দিকে জোর দিয়েছে সংস্থা।

এদিকে থার ফেসলিফ্‌টের পাশাপাশি মাহিন্দ্রার বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার পরিকল্পনাও বেশ দীর্ঘমেয়াদী। সংস্থার আসন্ন ইলেকট্রিক এসইউভি ‘BE.07’-এর লঞ্চ ২০২৬ সালের পরিবর্তে কিছুটা পিছিয়ে ২০২৭ করা হয়েছে। ইনগ্লো (INGLO) ইলেকট্রিক প্ল্যাটফর্মে তৈরি এই মডেলে দুটি ব্যাটারির বিকল্প থাকতে পারে। সবমিলিয়ে আগামী কয়েক বছরে পেট্রল-ডিজেল এবং ইলেকট্রিক মিলিয়ে মোট ১৬টি নতুন গাড়ি নিয়ে এসে অটো বাজারে বড় ধরনের রাজত্ব কায়েম করতে চলেছে মাহিন্দ্রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *