১ লক্ষ কোটিরও বেশি লোকসান! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিরাট অঙ্কের ঋণ মকুব ঘিরে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর অনাদায়ী ঋণ এবং ঋণ মকুবের হিসাব ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তথ্য জানার অধিকার (RTI) আইনের মাধ্যমে পুণের এক সমাজকর্মীর করা আবেদনে জানা গিয়েছে যে, বিগত কয়েক বছরে এনসিএলটি (NCLT)-র মধ্যস্থতা এবং ঋণ মকুবের জেরে এসবিআইকে ১ লক্ষ কোটি টাকারও বেশি ছাড় দিতে হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে ৩০৯টি লোন অ্যাকাউন্ট নিয়ে এনসিএলটি-র দ্বারস্থ হয়েছিল ব্যাঙ্ক। যেখানে বকেয়া পাওনা ছিল প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা, সেখানে মধ্যস্থতার মাধ্যমে মাত্র ৪৯ হাজার কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়। বাকি প্রায় ১ লক্ষ কোটি টাকার বেশি অঙ্ক ব্যাঙ্ককে ছেড়ে দিতে হয়েছে। পাশাপাশি, একই সময়ে প্রায় ১ লক্ষ ৫১ হাজার কোটি টাকার ঋণ মকুব করা হলেও তার একটি বড় অংশ উদ্ধার করা যায়নি।
তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ঋণখেলাপিদের নাম প্রকাশ করা নিয়ে। ১০০ কোটি বা তার বেশি ঋণ নিয়ে যারা তা শোধ করেননি, সেই বড় বড় ঋণখেলাপিদের নাম RTI-এর জবাবে প্রকাশ করতে অস্বীকার করেছে এসবিআই। অতীতে ২০২০ সালে নাম প্রকাশ করা হলেও এবার আইনের দোহাই দিয়ে নাম প্রকাশ এড়িয়ে যাওয়ায় আর্থিক ও রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।