পুরুলিয়ায় রেলের বড় ধামাকা! ২৭২ কোটির মেগা প্রজেক্টে কীভাবে বদলে যেতে চলেছে যোগাযোগ ব্যবস্থা?

দক্ষিণ পূর্ব রেলের পরিকাঠামোয় এক ঐতিহাসিক মোড় আনতে চলেছে নতুন একটি মেগা প্রজেক্ট। পুরুলিয়ায় আদ্রা ও জয়চণ্ডীপাহাড়ের মাঝে ১১ কিলোমিটার দীর্ঘ একটি নতুন বাইপাস লাইন তৈরির পাকাপাকি অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক। প্রায় ২৭২ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিল্পাঞ্চলে পণ্য পরিবহণের ক্ষমতা বহুগুণ বাড়ানো এবং যাত্রীবাহী ট্রেনের দীর্ঘদিনের যানজট চিরতরে দূর করা।
রেল সূত্রে জানা গিয়েছে, এই বাইপাস লাইন চালু হলে নির্দিষ্ট রুটে ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ আলাদা ও সুসংহত ব্যবস্থা গড়ে উঠবে, যা প্রস্তাবিত তৃতীয় লাইনের সঙ্গে যুক্ত হবে। এর ফলে প্রতিদিন প্রায় ৬,০৬৫টি মালগাড়ির রেক চলাচলের চাপ অনায়াসেই সামাল দেওয়া সম্ভব হবে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘সিল’ (SAIL)-এর প্রতি বছর ২৩.৪০ মিলিয়ন টন লৌহ আকরিকের চাহিদা এবং ‘বিসিসিএল’ (BCCL)-এর প্রতিদিন ৪৫টি রেক পরিবহণের মতো বিরাট চাপ মেলাতে এই নতুন রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কী কী সুবিধা পাবেন স্থানীয় মানুষ ও যাত্রীরা?
বর্তমান পরিস্থিতিতে রেলপথে অতিরিক্ত মালগাড়ির চাপের কারণে বিভিন্ন জায়গায় যাত্রীবাহী ট্রেনের গতি আটকে যায় এবং নানা operational সমস্যা তৈরি হয়। কিন্তু আদ্রা-জয়চণ্ডীপাহাড়-সাঁকা বাইপাস লাইন পুরোপুরি চালু হলে ট্রেনের যাতায়াতে আর সেই জট থাকবে না। রেলের হিসাব অনুযায়ী, এই প্রজেক্টের কাজ সম্পূর্ণ হলে অতিরিক্ত ৮.৮৮ মিলিয়ন টন পণ্য পরিবহণের সুবর্ণ সুযোগ তৈরি হবে।
এনার্জি, মিনারেল অ্যান্ড সিমেন্ট করিডরের একটি অঙ্গ হিসেবে এই রুটটি শিল্পাঞ্চলের পণ্য পরিবহণে গতি আনার পাশাপাশি রেল পরিষেবার সামগ্রিক দক্ষতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডরটি ভবিষ্যতে জটমুক্ত এবং আরও দ্রুতগামী মাল পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।