যুবভারতীতে ফের মেসি আসছেন, ভক্তদের জন্য বড় সুখবর শোনালেন খোদ শতদ্রু দত্ত!

সল্টলেক স্টেডিয়ামের সেই কালো অধ্যায় কি তবে মুছে যাওয়ার সময় এল? লিওনেল মেসির স্মরণীয় কলকাতা সফর ঘিরে অতীতে যে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা এখনও শহরবাসীর মনে তাজা। তৎকালীন সেই বিশৃঙ্খলার জেরে ক্ষতিগ্রস্ত ৩৩ হাজার দর্শককে রাজ্য সরকারের ক্রীড়া বাজেট থেকে টিকিটের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই শাসক দলের তরফ থেকে মেসিকে ফের কলকাতায় ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে। এরই মাঝে এল আরও এক বড় আপডেট। সব ঠিকঠাক থাকলে আগামী বছরই ফের একবার কলকাতার মাঠে জাদুকরি পায়ে বল পায়ে নামতে পারেন খোদ লিওনেল মেসি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন তারকা ফুটবলারের ‘গোট’ টুরের উদ্যোক্তা শতদ্রু দত্ত।
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এলএমটেন (LM10)। যা মেনে নিতে পারেননি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁর কোটি কোটি ভক্ত। তবে প্রিয় তারকাকে ফের সামনাসামনি দেখার আশা ছাড়ছেন না উদ্যোক্তা শতদ্রু দত্ত। চলতি বছরের অক্টোবরের শেষ সপ্তাহেই মেসির সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। এই বৈঠকেই তাঁকে ভারত এবং বাংলাদেশে আনার পরিকল্পনা নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। শতদ্রু আশাবাদী যে, আগামী বছরেই ফুটবলার হিসেবে তিলোত্তমার বুকে নামবেন আর্জেন্তিনার এই মহাতারকা।
সূত্রের খবর, আগামী বছর ইন্টার মায়ামি ক্লাব দক্ষিণ এশিয়ায় তাদের প্রাক-মরশুম প্রস্তুতি শিবির করার পরিকল্পনা করছে। সেই সম্ভাব্য সফরসূচির মধ্যেই রয়েছে কলকাতা ও বাংলাদেশ। ইন্টার মায়ামির জার্সি গায়েই মেসির কলকাতায় আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। উদ্যোক্তা শতদ্রু দত্তের ব্যক্তিগত উদ্যোগে এই বিষয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। ফলে যুবভারতীর সেই তিক্ত স্মৃতির অবসান ঘটিয়ে আগামী দিনে ফের একবার কলকাতার সবুজ গালিচায় মেসির পায়ের জাদু দেখার আশায় বুক বাঁধছেন বাংলার ফুটবলপ্রেমীরা।